বাঁধ ভেঙে তলিয়ে গেছে চার হাজার একর জমির ধান
বাঁধ ভেঙে কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলায় অন্তত চার হাজার একর জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি শিগগিরই ঠেকাতে না পারলে হাওরের প্রায় ১০ হাজার একর জমির ফসলহানির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কৃষকেরা জানান, গত শুক্রবার রাতের কোনো এক সময় মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর ও সানকিচর বাঁধ দুটির কয়েকটি স্থানে ভেঙে পানি ঢুকতে থাকে। এই দুটি বাঁধের মাধ্যমে বর্ষা মৌসুমে মিঠামইনের হাসিমপুর, ইটনার দক্ষিণ জয়সিদ্ধি ও হবিগঞ্জের আজমিরীগঞ্জ হাওরের প্রায় ১২ হাজার একর জমির ফসল সুরক্ষা পায়। কিন্তু টানা বর্ষণে পাহাড়ি ঢলের পানির তোড়ের কারণে বাঁধ দুটি ঝুঁকিতে ছিল। দ্রুত ধান কেটে ফেলতে কৃষি কার্যালয় থেকে তাগিদ দেওয়া হয়। কৃষকেরা বৃহস্পতিবার থেকে ধান কাটা শুরু করেন। এরই মধ্যে তিন হাওর থেকে প্রায় ২ হাজার একর জমির ধান কাটা হয়েছে।
গতকাল শনিবার সকালে কৃষকেরা দেখতে পান বাঁধ দুটির বেশ কিছু অংশ থেকে মাটি সরে গিয়ে পানি ঢুকছে এবং অনেক স্থানে ফসল ডুবে গেছে। এরপর কৃষকেরা ডুবিয়ে ডুবিয়ে ধান কাটা শুরু করেন।
মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভূঁইয়া ও ইটনার ইউএনও মো. আবদুল্লাহ জানান, ফসল বাঁচানোর উপায় বের করতে সংশ্লিষ্ট কৃষি কার্যালয় ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইটনা উপজেলার কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বাঁধ ভেঙে যাওয়ায় তাঁর উপজেলার ১ হাজার ২০০ একর জমি পুরোপুরি তলিয়ে গেছে। এই অবস্থায় ৩০ শতাংশের বেশি ফসল রক্ষা করা সম্ভব হবে না বলে তাঁর ধারণা। তবে উপজেলার অনেক কৃষকের দাবি, তলিয়ে যাওয়া জমির পরিমাণ অন্তত ২ হাজার একর।
দক্ষিণ জয়সিদ্ধি হাওরের কৃষক কাদির মিয়া বলেন, ‘ওই হাওরে আমার ৩০ একর জমি আছে। সবটাতে ধান করছি। ২ হাজার মণ ধান পাওয়ার আশা করছিলাম। এখন ৩০০ মণ পাব কি না সন্দেহ।’
একই হাওরের কৃষক আবু বক্কর ঠাকুর, জয়নাল মিয়া, সফি উদ্দিন ও আলমগীর মিয়া জানান, একদিকে ফসলহানি অন্যদিকে বেশি খরচে ফসল রক্ষার চেষ্টা—এই দুই কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন।
জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিনের ভাষ্য, আজকালের মধ্যে বাঁধ রক্ষা করা না গেলে কৃষকদের খালি হাতে বাড়ি ফিরতে হবে।
অপরদিকে মিঠামইনে দেড় হাজার এবং আজমিরীগঞ্জ অংশে ৫০০ একর জমির ধান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ফসল রক্ষায় করণীয় নিয়ে মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর রহমান জানান, এ ক্ষেত্রে সরকারি বরাদ্দ খুবই সীমিত।
কাঠখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দিন জানান, সারা বছর যেমন তেমন কিন্তু বৈশাখ মানে হাওরে আনন্দ। এবার সেই আনন্দ কেড়ে নিচ্ছে একের পর এক বাঁধে ধস। ২১ এপ্রিল মিঠামইনের হিরাজুড়ি বাঁধ ভেঙে প্রায় ২০০ একর জমির ধান তলিয়ে যায়।
ওই তিন হাওরে প্রতিবারের মতো এবারও বিআর-২৯ জাতের ধানের আবাদ করা হয়েছে। একরপ্রতি গড়ে ৮০ মণ ধান উৎপাদিত হয় এবং উৎপাদন খরচ পড়েছে ৩০ হাজার টাকা।