বাঁধ ভেঙে তলিয়ে গেল আটটি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি এলাকার বাঁধ গতকাল ভোররাতে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় l প্রথম আলো
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি এলাকার বাঁধ গতকাল ভোররাতে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় l প্রথম আলো

বগুড়ার ধুনট উপজেলার তারাকান্দি-বথুয়াবাড়ি সড়কের ধাপাড় এলাকায় খালের ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ ভেঙে বাঙ্গালী নদীর পানিতে আটটি গ্রামের প্রায় দুই হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। বাঁধ ভাঙা পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গতকাল রোববার ভোররাতে বাঁধটি ভেঙে যায়।

গতকাল সকালে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই বাঙ্গালী নদীর পানি বেড়ে তারাকান্দি-বথুবাড়ি সড়কের ধাপাড় খাল দিয়ে পানি ঢুকে এলাঙ্গী ইউনিয়নের আটটি গ্রামের প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যেত। এ কারণে তিন বছর আগে এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি, শৈলমারি, নবীনগর, ফকিরপাড়া, চালারভিটা, রাঙামাটিসহ আটটি গ্রামের মানুষ ওই খালের মুখে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন। এতে করে প্রায় তিন বছর ধরে বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লেও মাঠের ফসল রক্ষা করতে পেরেছেন তাঁরা। কিন্তু এ বছর ছয় দিন ধরে বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গতকাল ভোররাতে ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে ওই বাঁধ ভেঙে যায়। ফলে এলাঙ্গী ইউনিয়নের আটটি গ্রামের প্রায় দুই হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। ভেসে যাচ্ছে পুকুরের মাছ। ডুবে গেছে আমন ও আউশসহ বেগুন, মরিচ, কলা, পেঁপে, পটোল, করলা ও শাকসবজি।

তারাকান্দি গ্রামের গোলাম রব্বানী জানান, রোববার ভোররাতে হঠাৎ বাঁধ ভেঙে তাদের সোনালি স্বপ্ন শেষ করে দিয়েছে।

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ তারেক বলেন, ‘এলাকাবাসীকে বন্যার হাত থেকে রক্ষা করতে আমিও সবার সঙ্গে মিলে বাঁধ নির্মাণ করেছিলাম। কিন্তু হঠাৎ বাঁধটি ভেঙে যাওয়ায় সবার স্বপ্নই শেষ হয়ে গেল। পাড় ডুবে ভেসে গেল পুকুরের মাছ। পানি সরে গেলে আবারও সেখানে বাঁধ নির্মাণ করা হবে।’

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সোবাহান বলেন, বাঙ্গালী নদীর তারাকান্দি গ্রমের ধাপাড় এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।