বাংলাদেশ উপকূলে মৌসুমি বায়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনপঞ্জিকার হিসাবে আজ সোমবার ৩০ জ্যৈষ্ঠ। আগামী বুধবার আষাঢ়ের আগমনে শুরু হবে বর্ষাকাল। যার প্রভাবে বর্ষায় বৃষ্টি ঝরে, সেই মৌসুমি বায়ু গত শনিবার বাংলাদেশ উপকূলে চলে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে।

ঘটা করে বর্ষা আসার আগেই কয়েক দিন ধরে সারা দেশেই দাপট রয়েছে বৃষ্টির। কখনো রিমঝিম, কখনোবা ঝিরিঝিরি বৃষ্টি ঝরে চলেছে। এর সঙ্গে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখীও বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় ৬ জুন থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে ১১ জুন সকাল ছয়টা থেকে ১২ জুন সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকাল ছয়টা পর্যন্ত এর পরিমাণ ছিল ১২ মিলিমিটার।

বৃষ্টি বেশি ঝরছে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে। আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খেপুপাড়ায়—১০৯ মিলিমিটার। এ ছাড়া বাগেরহাটের মোংলায় ৮৯, খুলনায় ৬৮, কক্সবাজারে ৪৪ ও টেকনাফে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে নয়, পশ্চিমা লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টি হচ্ছে। লঘুচাপটি এখনো কাটেনি। এ জন্য ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ উপকূল পর্যন্ত চলে এলেও বৃষ্টি হচ্ছে পশ্চিমা লঘুচাপের কারণে। মৌসুমি বায়ু সক্রিয় হলে বৃষ্টির মাত্রা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পূর্বাংশে আরও এগিয়ে আসতে পারে।