
সারাটা দিন টিপটিপ বৃষ্টির কারণে পাখিসন্ধানের আয়োজনটা নষ্ট হওয়ায় তিনজনের মন খারাপ। অবশ্য পরদিন ১২ অক্টোবর সবার মন ভালো করে পুবাকাশে সূর্য উঠল। কুয়াকাটা সমুদ্রসৈকত বরাবর সাত-আট কিলোমিটার দূরের লেবুর চরে রওনা হয়ে গেল সবাই। পালখিপ্রেমী ও আলোকচিত্রী ব্যাংকার শ্রাবণ সালাহউদ্দিন ওদের বেশ আগেই পৌঁছে গেল লেবুর চরে। পাখির খোঁজে এদিক-ওদিক তাকাতে তাকাতে একসময় চরের কিনারার ছোট্ট একটি গাছের ডালে চোখ আটকে গেল মাথা উঁচু করে বসা ছোট্ট একটি পাখির ওপর। পাখিটির ঠোঁট, ডানা ও লেজ খানিকটা লম্বাটে। শ্রাবণ কখনোই এই পাখি দেখেনি। কাজেই পটাপট কয়েকটা ক্লিক সেরে নিল। ঢাকায় ফিরে ফেসবুকে পোস্ট দিয়ে পাখিটির পরিচয় জেনে আনন্দে আত্মহারা হয়ে গেল শ্রাবণ ও তার সঙ্গীরা। কারণ, এই পাখি বাংলাদেশের পাখির তালিকায় নেই। কাজেই নতুন একটি পাখি পেল বাংলাদেশ। আরও সুখবর এই, এ মাসেই বাংলাদেশে আরও তিন প্রজাতির নতুন পাখির সন্ধান পাওয়া গেছে।
এ দেশের পাখির তালিকায় যুক্ত হওয়া নতুন পাখিটি হলো ডোরাকাটা চটক বা তিলা চুটকি (Spotted Flycatcher)। Muscicapidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Muscicapa striata।
ডোরাকাটা চটক লম্বায় ১২-১৫ সেন্টিমিটার, ওজনে ১৪-২০ গ্রাম। মাথাসহ দেহের ওপরটা ফ্যাকাশে ধূসর-বাদামি ও নিচটা হালকা ধূসর-সাদা। মাথা অপেক্ষাকৃত বড় ও গোলাকার। মাথা ও বুকে গাঢ় দাগ-ছোপ। ডানার উড্ডয়ন পালকের প্রান্ত সাদা। ঠোঁট কালো ও লম্বা। পা কালো ও খাটো। ডানা ও লেজ লম্বা। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। অল্পবয়সী পাখির মাথা ও পিঠে হালকা হলদে ফোঁটা এবং বুক-পেটে আঁশের মতো বাদামি দাগছোপ।
ডোরাকাটা চটক মূলত ইউরোপ ও মধ্য এশিয়ার আবাসিক পাখি। ইংল্যান্ড থেকে পশ্চিম সাইবেরিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইরান, মঙ্গোলিয়া, পাকিস্তান প্রভৃতি দেশে এর সাতটি উপপ্রজাতির বাস। শীতকালটা এরা মূলত আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোতে কাটায়। তবে হেমন্তে পুরো পাকিস্তান ও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে পান্থপরিযায়ী হিসেবে এদের একটি উপপ্রজাতিকে দেখা যায়। বিশ্বব্যাপী স্বল্প গুরুত্বসম্পন্ন (List Concern) এই পাখির অবস্থান বাংলাদেশে কি না, তা এ মুহূর্তে বলা সম্ভব না হলেও নিঃসন্দেহে এ দেশের জন্য এটি সুখবর। এরা উন্মুক্ত বন, বনের কিনারা, বাগান ইত্যাদি পছন্দ করে। গাছের উঁচু ডালে বসে থাকে। হঠাৎ করে উড়ে গিয়ে উড়ন্ত কীটপতঙ্গ ধরে নিয়ে আগের জায়গায় ফিরে এসে খায়। গলার স্বর সরু কিন্তু জোরালো।
মে থেকে আগস্ট প্রজননকাল। এই সময়ের মধ্যে কোনো কোনো জোড়া দুবারও ডিম-বাচ্চা তুলতে পারে। এদের আবাস এলাকার গাছের দোডালা, তেডালা, গর্ত বা ফাটল, দেয়ালের ফাটল, ঝোপঝাড় বা কোনো উপযুক্ত জায়গায় কাঠি-কুটি, শিকড়-বাঁকড়, শেওলা ইত্যাদি জড়ো করে বাসা বানায়, তাতে থাকে লোম, উল ও পালকের আস্তর। স্ত্রী চার-পাঁচটি হালকা ধূসর ডিম পাড়ে, যাতে থাকে লালচে-বাদামি দাগছোপ। ডিম ফোটে ১৩-১৪ দিনে। বাচ্চারা ১৩-১৬ দিনে উড়তে শেখে ও বাসা ছাড়ে।