সাতছড়ি জাতীয় উদ্যানে শুকনো বালুময় সর্পিল ছড়া ধরে ট্র্যাকিং করে এগোচ্ছি। প্রায় দুই কিলোমিটার হাঁটার পর বনমোরগের ডাক কানে এল। খানিকটা এগিয়ে যাওয়ার পর গাছের ডালে টকটকে লাল মোরগটির দেখা পেলাম। এরপর বুনো পায়রা, বুলবুলিসহ ৮-১০ প্রজাতির পাখির সঙ্গে দেখা হলো। ছড়া ধরে হেঁটে চলেছি, হঠাৎই ঝরাপাতার ওপর ছোট্ট কিছু একটা নড়াচড়া করে উঠল। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ওর দেখা পেলাম না। মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইলাম ওখানটায়, যাতে ও আমাদের উপস্থিতি টের না পায়। কিছুক্ষণ পর ও আবার লাফিয়ে উঠল একটা ঝরাপাতার ওপর। বালুর রঙে রং, গায়ে বালুমাখা ও অতি ক্ষুদ্র হওয়ায় সহজে খুঁজে পাইনি। বেশ সাবধানে ওর ছবি তুললাম। এর আগে ওর জাতভাইদের বহু ছবি তুলেছি। কিন্তু ওকে কখনো দেখেছি বলে মনে হয় না। তবে বেশ চেনা চেনা লাগছে। শুরুতে বাচ্চা প্রাণীই ভাবলাম। কিন্তু ঢাকায় ফেরার পর বইপত্র ঘেঁটে যা পেলাম, তাতে মনটা আনন্দে ভরে উঠল।
এতক্ষণ যার কথা বললাম, সে এ দেশের ক্ষুদ্রতম ব্যাঙ ময়মনসিংহের লাউবীচি ব্যাঙ (Mymensingh’s Narrow-mouthed Frog বা Mymensingh Microhylid Frog)। ময়মনসিংহের চীনা ব্যাঙ নামেও পরিচিত। Microhylidae পরিবারভুক্ত ব্যাঙটির বৈজ্ঞানিক নাম Microhyla mymensinghensis।
নাকের আগা থেকে পায়ু পর্যন্ত আকারের ময়মনসিংহের লাউবীচি ব্যাঙ মাত্র ১.৪২ থেকে ২.১৫ সেন্টিমিটার লম্বা। জানামতে, এখন পর্যন্ত এর চেয়ে ছোট আকারের ব্যাঙ এ দেশে আবিষ্কৃত হয়নি। এদের দেহ গাট্টাগোট্টা ও পিঠের চামড়া আঁচিলযুক্ত। মাথা চওড়া ও নাকের আগা ছাঁটা। দেহের ওপরটা বাদামি থেকে সোনালি-বাদামি এবং পিঠে কালচে-বাদামির সুস্পষ্ট কারুকাজ রয়েছে। একটি কালো বন্ধনী নাকের আগা থেকে শুরু হয়ে নাকের ছিদ্র ও চোখ পার হয়ে পেছনের পায়ের কুঁচকিতে গিয়ে মিশেছে। দেহের নিচটা সাদাটে। সামনের ও পেছনের পায়ের আঙুলগুলো পাতাবিহীন এবং আঙুলের আগা ফোলা নয়। এই ব্যাঙের সঙ্গে বড় লাউবীচি ব্যাঙের (Microhyla berdmori) চেহারার বেশ মিল রয়েছে।
সচরাচর দৃশ্যমান এই ব্যাঙ ঢাকা বিভাগের ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা প্রভৃতি জেলার পাতাঝরা বন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনাঞ্চলে দেখা যায়। এরা মূলত নিশাচর। তবে দিনের বেলা জঙ্গলের স্যাঁতসেঁতে ও ছায়াযুক্ত স্থানে থাকে। একাকী দেখা যায়। স্যাঁতসেঁতে ঘাস ও ঝরঝরে মাটিতে বাস করে। ছোট ছোট কীটপতঙ্গ খায়।
এদের প্রজনন সম্পর্কে তেমন একটা তথ্য জানা যায়নি। তবে সচরাচর বর্ষাকালে মে থেকে জুলাই মাসের মধ্যেই প্রজনন করে। কামনা করি, এরা পরিবেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে বেঁচে থাকুক এ দেশে।