বাংলাদেশের মহাবিপন্ন বক

নাম চামচঠুঁটি। বিশ্বে নিরাপদ হলেও বাংলাদেশে মহাবিপন্ন। পাখিবিজ্ঞানীরা বলছেন, দেশের উপকূল এলাকা ছাড়া গত ১০০ বছরের মধ্যে আর কোথাও দেখার রেকর্ড নেই। তা-ও ২২ বছর আগে দেখা মিলেছে ১৭ টির। এখন দু-তিনটির বেশি পাওয়া যায় না। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এই বকের একটি ঝাঁকের দেখা মিলেছে রাজশাহীর পদ্মার চরে। ১৬টি বকের এই দলকে একসঙ্গে এবং আলাদাভাবে ক্যামেরাবন্দী করেছেন বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হাসনাত রনী।
আমাদের দেশি বকের চেয়ে একটু বড়। বাংলায় এই বককে ইউরেশীয় চামচঠুঁটি বলা হয়। ইংরেজিতে বলা হয় Euresiam spoonbill। এর বৈজ্ঞানিক নাম Platalea leucorodia।
বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, ২০১৫ সালে আইইউসিএন প্রকাশিত রেড লিস্ট অব বাংলাদেশ বইতে এই পাখিকে বাংলাদেশে মহাবিপন্ন ঘোষণা করা হয়েছে। এই সংস্থা প্রতি ১০ বছর পরপর মহাবিপন্ন পাখিদের তালিকা প্রকাশ করে থাকে। ইনাম আল হক বলেন, বিশ্বে এই বক নিরাপদ হলেও বাংলাদেশে এদের খাদ্যসংকট এবং আকারে বড় হওয়ার কারণে সহজে শিকারির লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাই এরা হারিয়ে যাচ্ছে। কমপক্ষে ১০০ বছরের মধ্যে বাংলাদেশে উপকূল এলাকা ছাড়া এদের অন্য কোথাও দেখা যায়নি। তিনি ১৯৯৫ সালে ১৭টি দেখেছিলেন। আর গত পাঁচ বছরের মধ্যে তিনটির বেশি দেখা যায়নি। চামচের মতো ঠোঁট বলে এদের চামচঠুঁটি নাম। আর ইউরোপ ও এশিয়ায় দেখা যায় বলে এদের বলা হয় ইউরেশীয় চামচঠুঁটি।
হাসনাত রনীর তোলা পাখির ছবি দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পাখি বিশেষজ্ঞ আ ন ম আমিনুর রহমান। তিনি নিশ্চিত করেছেন, এটা চামচঠুঁটি পাখি।
চামচের মতো ঠোঁট ও বাদামি চোখের সাদা জলচর এই পাখির দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার, ওজন ১ দশমিক ৮ কেজি, ডানা ৩৭ দশমিক ২ সেমি, ঠোঁট ২ দশমিক ৪ সেন্টিমিটার, পা ১৪ দশমিক ৭ সেন্টিমিটার এবং লেজ ১১ দশমিক ৫ সেন্টিমিটার। প্রাপ্তবয়স্ক পাখির ডানার প্রান্তপালকে কালো আগা ও দেহের কিছু অংশ ছাড়া পুরো দেহ সাদা। প্রজননকালে পাখির স্পষ্ট ঝুলন্ত সাদা ঝুঁটি, গলার কমলা হলুদ পালকহীন চামড়া ও বুকের মাঝখানটায় হলুদের আভা থাকে। প্রজননকাল ছাড়া এর দেহ পুরো সাদা। ঠোঁট লম্বা, সোজা ও স্লেট-ধূসর, ঠোঁটের প্রান্ত চামচের মতো ছড়ানো, ওপরের ঠোঁটের শেষাংশ উজ্জ্বল হলুদ। চোখ কালচে বাদামি থেকে কিছুটা বাদামি গাঢ় লাল। মুখ ও গলার পালকহীন চামড়া হলুদ। লম্বা পা ও পায়ের পাতা কালো। ছেলে ও মেয়ে পাখির চেহারা অভিন্ন।
এরা নদী, বড় হ্রদ, লেগুন, জলা, প্যারাবন ও জোয়ার-ভাটার খাঁড়িতে বসবাস করে। সচরাচর কাস্তেচরা, বগা ও অন্য বড় জলচর পাখির মিশ্র ঝাঁকে থাকে। অগভীর পানিতে ধীরে ধীরে হেঁটে এবং ঠোঁট পানিতে ডুবিয়ে এপাশ-ওপাশ করে এরা খাবার খায়। এদের খাদ্যতালিকায় রয়েছে ছোট মাছ, ব্যাঙাচি, শামুক, চিংড়িজাতীয় প্রাণী, ব্যাঙ ও উদ্ভিজ্জ উপাদান।
ইউরোপ, পুরো ভারত উপমহাদেশসহ এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। তবে ভুটান ও মালদ্বীপে পাওয়া যায় না। সেদিন সকালে হাসনাত রনীর সঙ্গী হয়েছিলেন পাখি বিশেষজ্ঞ ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সালেহ রেজা।
পদ্মা নদীতে নৌকা চলল ঘণ্টাখানেক। দেখা গেল অল্প কিছু হাঁস ও চখাচখি। পাশে মাথা গুঁজে ঘুমাচ্ছে বড় আকারের বকের একটি দল। বক দেখার কোনো আগ্রহ না থাকলেও শুধুই রেকর্ড রাখার জন্য বেশ দূর থেকে কিছু ছবি নিলেন। উল্লেখযোগ্য কোনো পাখি না দেখে হাসনাত রনী কিছুক্ষণ আগে ক্যামেরায় ধারণ করা বকের ছবিগুলো দেখতে গিয়েই চমকে ওঠেন। তিনি খানিকটা অস্বাভাবিকতা লক্ষ করেন। নিশ্চিত হওয়ার জন্য নৌকা ঘোরানো হলো। আবার ছবি তোলা হলো। ক্যামেরার ডিসপ্লে দেখে এবার তিনজনই উল্লাসে ফেটে পড়েন। এগুলো আসলে চামচঠুঁটি।
হাসনাত রনী গত বছর রাজশাহীতে পদ্মা নদীর চরে ‘খয়রাটুপি বাটকুড়ালি ও সাইক্সের রাতচরা’ নামের দুটি পাখি আবিষ্কার করেন।