বাউফলে নদীবেষ্টিত ১৪ চরের ৮ আশ্রয়কেন্দ্রের ৭টিই ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আম্পানে উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত ১৪টি চরের হাজারো মানুষ। অধিকাংশ চরে নেই কোনো বেড়িবাঁধ। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রও নেই।

অরক্ষিত ওই সব চরে বসবাস করা প্রায় ৩০ হাজার মানুষের জন্য রয়েছে মাত্র আটটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। এর মধ্যে তিনটিই ঝুঁকিপূর্ণ। উপজেলা প্রশাসনের হিসাবমতে, ওই আটটি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৮০০ মানুষ আশ্রয় নিতে পারবে।

আজ বুধবার বেলা দেড়টার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটটি আশ্রয়কেন্দ্রের মধ্যে চর ওয়াডেল আশ্রয়কেন্দ্রে কিছুসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে। বাকি সাতটি আশ্রয়কেন্দ্রে কেউ যায়নি। এর আগে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন সরেজমিনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য চর এলাকার মানুষদের উদ্বুদ্ধকরণ সভা করেন। ওই সময় ২০-২৫ জন মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়।

২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে ওই সব চরে ৪৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। পানিতে ভেসে যায় হাজারো গবাদিপশু ও অসংখ্য বসতঘর।

১৪টি চরের মধ্যে ১১টি চর নিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন। ওই ইউনিয়নে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। উপজেলা প্রশাসনের তালিকায় শতভাগ ঝুঁকিপূর্ণ চন্দ্রদ্বীপ ইউনিয়নের সব মানুষ। এই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাচ মোল্লা বলেন, ‘তাঁর ইউনিয়নটি চারদিকে তেঁতুলিয়া নদীবেষ্টিত। মূল ভূখণ্ড থেকে একবারে বিচ্ছিন্ন। প্রায় ৩৫ কিলোমিটার বেড়িবাঁধের প্রয়োজন। কিন্তু আছে মাত্র প্রায় ১৩ কিলোমিটার। তা–ও দুই জায়গা দিয়ে ভাঙা। পাঁচটি স্কুল কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে। এর মধ্যে তিনটি খুবই ঝুঁকিপূর্ণ।’

চেয়ারম্যান এনামুল হক বলেন, তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষ সেখানে আসতে ভয় পায়। তা ছাড়া বারবার বলা হলেও চরাঞ্চলের অধিকাংশ মানুষ তাঁদের বসতভিটা ছেড়ে ও গবাদিপশু রেখে কোথাও যেতে চায় না।

চর মিয়াজান এলাকার আনোয়ারা বেগম (৬৫) বলেন, ‘ঝড়-বইন্না (বন্যা) অইলে আল্লারে ডাহোন ছাড়া আমাগো কোনো উপায় নাই। মরলে ঘরে বইসা মরমু, ভাঙা (ঝুঁকিপূর্ণ) ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যামু না।’

ধূলিয়া ইউনিয়নের নদীবেষ্টিত বিচ্ছিন্ন একটি গ্রাম চর বাসুদেব পাশা। প্রায় ছয় শ মানুষের বসবাস এই চরে। একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। নেই কোনো বেড়িবাঁধ। ওই চরের সব মানুষ থাকে অরক্ষিত। যদিও উপজেলা প্রশাসনের তালিকায় ধূলিয়া ইউনিয়ন ৭০ শতাংশ ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আবার চরবাসুদেব পাশা শতভাগ ঝুঁকিপূর্ণ।

ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিচুর রহমান ওরফে আবদুর রব বলেন, যাঁরা আশ্রয়কেন্দ্রে যেতে চান না, ট্রলার পাঠিয়ে তাঁদের মূল ভূখণ্ডে নিয়ে আসার জন্য বলা হলেও কেউ তা শুনছেন না।

উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দুটি গ্রাম চর অমরখালী ও চর কারখানা। লোহালিয়া ও পায়রা নদীবেষ্টিত গ্রাম। প্রায় আট হাজার মানুষের বসবাস। একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে। নেই কোনো বেড়িবাঁধ। উপজেলা প্রশাসনের তালিকায় এই চরের মানুষ শতভাগ ঝুঁকিপূর্ণ।

চর কারখানা গ্রামের বাসিন্দা সরোয়ার খান (৪০) বলেন, ‘দুটি চরে প্রায় আট হাজার মানুষের বসবাস। দুটি আশ্রয়কেন্দ্রে বড়জোর সাত শ মানুষ অবস্থান নিতে পারবে। বাকি মানুষের কী হবে? ঝড়-জলোচ্ছ্বাসে আল্লারে ঢাহোন ছাড়া দেখার মতো কেউ নেই।’

এদিকে গত মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) পক্ষে সব এলাকায় সতর্কীকরণ মাইকিং করা হচ্ছে। সবাইকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ১৪টি চর শতভাগ ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই সব চরের মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। তিনি উদ্বুদ্ধকরণ সভা করেছেন। আর তা বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বলা হয়েছে। বিভিন্ন পয়েন্টে ট্রলার রাখা হয়েছে। যাতে তারা মূল ভূখণ্ডে চলে আসতে পারে।