বাগমারায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বজ্রপাতে বছরে মারা যায় প্রায় ৫০০ মানুষ

রাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন দুজন। গতকাল শনিবার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হাজড়াপাড়া গ্রামে ও গোয়ালকান্দি এলাকায় পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার হাজড়াপাড়া গ্রামের নেজাম উদ্দিন (৬৩), দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাবু ইসলাম (২৮) ও রনি হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের পর বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। বেলা সাড়ে তিনটার দিকে কৃষক নেজাম উদ্দিন তাঁর এক সহযোগীকে নিয়ে বাড়ির পাশে বিলে ছড়িয়ে থাকা ধানের খড় গোছাতে যান। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে নেজাম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরে তিনি মারা যান। একই সময়ে উপজেলার তালিতলি এলাকায় গাছ থেকে আম নামানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বাবু ইসলাম ও রনি হোসেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বজ্রপাত নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনেরা পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।