বাঞ্ছারামপুরে বৃষ্টিতে জলাবদ্ধতা, বিকল্প সড়ক কেটে দিলেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বৃষ্টির পানিতে প্রায় ৫০০ বিঘা ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বিকল্প সড়ক কেটে দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকেরা।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর-হোমনা সড়কের উজানচর এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বাঞ্ছারামপুর কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বাঞ্ছারামপুর উপজেলা সদর থেকে উজানচর পর্যন্ত চার কিলোমিটারের মধ্যে পাঁচটি কালভার্ট নির্মাণে ১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৭৮৯ টাকা ব্যয় করা হবে। ওই কাজের বাস্তবায়ন করছে কুমিল্লার এম এ জাহের নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৩১ আগস্ট এ কাজ শুরু হয়ে এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা। ইতিমধ্যে তিনটি কালভার্টের নির্মাণকাজ শেষ হয়েছে। উজানচর এলাকায় আরেকটি কালভার্টের নির্মাণকাজ করতে খালের ওপর বিকল্প সড়ক নির্মাণ করছেন ঠিকাদার।
কৃষকেরা অভিযোগ করেন, ঠিকাদারের লোকজন বিকল্প সড়ক নির্মাণ করার সময় পানিপ্রবাহের কোনো ব্যবস্থা রাখেনি। সে জন্য বৃষ্টির পানি এক পাশে আটকে ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
উজানচর এলাকায় গতকাল গিয়ে দেখা যায়, খালের ওপর নির্মাণাধীন বিকল্প সড়কে পানিপ্রবাহের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ সময় ঠিকাদারের কোনো লোকজন দেখা যায়নি। ১৫-১৬ জন বিক্ষুব্ধ কৃষক কোদাল দিয়ে বিকল্প সড়কটি কেটে দেন।
তবে ঠিকাদার এম এ জাহেরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর উপজেলায় অতিরিক্ত দায়িত্বে) সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী আমির হোসেন বলেন, ‘উজানচর এলাকায় কালভার্ট নির্মাণ এলাকায় খালের ওপর বিকল্প সড়কের নির্মাণকাজ চলছে জানি। আর খালের পানিপ্রবাহের জন্য বিকল্প সড়কে ব্যবস্থা রাখার কথা ঠিকাদারের। যদি না রাখেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’