যে বাড়ি বা প্রতিষ্ঠানের সামনে ময়লা দেখা যাবে, সেই বাড়ির দরজায় টোকা দেবে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে পুলিশের উদ্যোগে নালা-নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বিকেলে নিজ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার। পরে সন্ধ্যায় জামালখান এলাকায় কমিশনারের নেতৃত্বে নালা পরিষ্কারের কাজ শুরু হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে ফেব্রুয়ারির মধ্যে নর্দমা পরিষ্কারের কাজ শেষ করা সম্ভব হবে। মার্চে বৃষ্টি হলে সব ধুয়েমুছে সহজেই নর্দমা দিয়ে সরে যাবে। নগরে জলাবদ্ধতা থাকবে না।
পুলিশ কমিশনার বলেন, নগরের অনেক নালা-নর্দমার ওপর স্থায়ী কাঠামো তৈরি হয়েছে। ফলে বর্ষায় জলাবদ্ধতা দেখা দেয়। এসব নালার ওপর থেকে অবৈধ সব স্থাপনা সরিয়ে নিতে এক সপ্তাহ সময় দেওয়া হবে। এরপর কেউ না মানলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বাড়ি-দোকানপাট ও প্রতিষ্ঠানের সামনে নর্দমার ওপর একাধিক স্ল্যাব (ঢাকনা) থাকলে তা জোড়া লাগানো যাবে না। কারণ, ওই স্ল্যাব সরিয়ে নর্দমার ময়লা-আবর্জনা অপসারণ করতে হয়। নর্দমা পরিষ্কারের কাজে চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে ৬০ জন দিনমজুরের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছে বলে পুলিশ কমিশনার জানান।
আবদুল জলিল মন্ডল বলেন, ‘শুক্রবার নগরের মুরাদপুর এলাকায় নর্দমা পরিষ্কারের প্রতীকী কাজ শুরু হয়। সেখানে গিয়ে আমরা দেখেছি, পলিথিনের ভেতরে বর্জ্য ভরে নর্দমায় ফেলা হয়েছে। ওই বর্জ্য নর্দমা থেকে আর সরছিল না। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্ষায় নগরের অনেক এলাকা ডুবে থাকছিল।’
জলাবদ্ধতা নিরসন কর্মসূচি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে বিরোধ তৈরি হবে কি না— সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘মেয়রের সঙ্গে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা চাই, এই নগর সুন্দর থাকুক, জলাবদ্ধতামুক্ত হোক।’
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান বলেন, ‘পুলিশ কমিশনার মহোদয় আমাদের সহযোগিতা করছেন। এ ধরনের কাজ নাগরিক সেবা। যে কেউ সেবামূলক কাজে অংশ নিতে পারে।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার এবং এ কে এম শহিদুর রহমান, বিভিন্ন অঞ্চলের উপকমিশনারসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর পুলিশ কমিশনার ঝাড়ু হাতে নগর পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। এরপর বিলবোর্ড উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনকে সহযোগিতা দেয় পুলিশ।