বাদামি চটক: বিরল পরিযায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদমপুর বিটের গেস্টহাউসের পাশের একটি মরা গাছে নিঃসঙ্গ বাদামি চটক l ছবি: লেখক
আদমপুর বিটের গেস্টহাউসের পাশের একটি মরা গাছে নিঃসঙ্গ বাদামি চটক l ছবি: লেখক

কমলগঞ্জের আদমপুর বিটের গেস্টহাউস থেকে গাছপালার মাঝে অল্প সময়ের জন্য বেরিয়ে পড়লাম। বড় হলদে ঝুঁটি কাঠঠোকরা, সিংহরাজ, নীলগলা বসন্তবাউরি, সবুজ বনকোকিলসহ নানা পাখির কলকাকলি ও ওড়াউড়িতে মনটা ভালো হয়ে গেল। তবে নতুন কোনো প্রজাতি চোখে পড়ল না। গেস্টহাউসের ফিরতি পথ ধরলাম। এমন সময় ছোট্ট একটা পাখিকে দেখলাম আমার বাঁ পাশের সেগুনগাছ থেকে উড়ে গিয়ে ডান পাশের মরা গাছের উঁচু ডালে বসল। ছটফটে স্বভাবের পাখি, এই বসছে এই উড়ছে। ছবি তোলা যাচ্ছে না। যেই না এসে মরা গাছে বসল, সঙ্গে সঙ্গে দু-তিনটি ক্লিক করলাম। ক্যামেরা রিভিউ করে ভালোভাবে ছবিটি দেখলাম। হ্যাঁ, এর আগে দু-তিনবার ওর দেখা পেয়েছি। শেষবার দেখেছি সাতছড়ি জাতীয় উদ্যানে ২০১৪ সালে। এ বছরের ৯ সেপ্টেম্বরের ঘটনা এটি।
ছটফটে ছোট্ট পাখিটি পান্থ-পরিযায়ী (Passage Migrant) বাদামি চটক (Asian Brown Flycatcher or Brown Flycatcher)। খয়েরি চুটকি নামেও পরিচিত। Muscicapidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Mascicapa dauurica.
বাদামি চটকের দৈর্ঘ্য ১২-১৪ সেন্টিমিটার, ওজন ৮-১৬ গ্রাম। প্রাপ্তবয়স্ক পাখির দেহের ওপরটা ধূসর-বাদামি ও নিচটা সাদাটে, পেটের অংশে বাদামির ছোঁয়া। ডানায় থাকে সাদা ডোরা। কালচে-বাদামি ও বড় আকারের চোখের চারদিকে সুস্পষ্ট সাদা রিং দেখা যায়। ঠোঁটের গোড়া হালকা গোলাপি ও আগা কালচে। পা, পায়ের পাতা ও নখ কালচে-বাদামি। অল্পবয়স্ক পাখির মাথা-পিঠ-বুকে বাদামি রঙের আঁশের মতো থাকে।
দুর্লভ বাদামি চটক এ দেশের আবাসিক পাখি নয়। মূলত শীতের কিছুদিন আগে ও শীত শেষে অল্প সময়ের জন্য এদের সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বড় পাতাওয়ালা বন, মিশ্র চিরসবুজ ও পত্রঝরা বন, বাঁশবন, সেগুনবাগান, গ্রামীণ বন প্রভৃতি এলাকায় একাকী ঘুরে বেড়াতে দেখা যায়। এরা গাছের ডালে বসে থাকে ও বারবার উড়ে গিয়ে উড়ন্ত কীটপতঙ্গ শিকার করে খায়। প্রজননকালে পুরুষ সুমধুর কণ্ঠে ডাকে, আর শীতে এরা ‘চির-রি-রি-রি..., চিক-চিক-র-র...” স্বরে দ্রুত ডাকতে থাকে।
মার্চ থেকে জুলাইয়ের মধ্যে এরা এদের মূল আবাসভূমি জাপান, সাইবেরিয়ার পূর্বাঞ্চল, ভারত, হিমালয় প্রভৃতি এলাকায় প্রজনন করে। স্ত্রী চারটি জলপাই-ধূসর রঙের ডিম পাড়ে, যা সে একাই তা দেয়। অন্যদিকে পুরুষটি তখন স্ত্রীর খাবারের ব্যবস্থা করে।