বানাইল-দহিলা সড়ক বেহাল এলাকাবাসী দুর্ভোগে

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বানাইল-দহিলা সড়কটির প্রায় দেড় কিলোমিটার অংশ বিভিন্ন স্থানে ভেঙে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে গাড়ির চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
বানাইল মহল্লার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সদরে প্রবেশের পথে নাগর নদের ওপর যে সেতু ছিল, সেটির পুনর্নির্মাণকাজ চলছে। তাই উপজেলার আটটি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষকে উপজেলা সদরে আসতে এ বিকল্প সড়কটিই ব্যবহার করতে হয়।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, বানাইল-দহিলা সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। ইটের খোয়া বের হয়ে সড়কে গর্ত তৈরি হয়েছে। যানবাহনগুলো চলছে হেলেদুলে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অনেক জায়গায় হেঁটে চলারও জো নেই। বৃষ্টি হলে পানি জমে যায়।
পৌর এলাকার বাসিন্দা শিক্ষক এমদাদুল ইসলাম (৪৮) বলেন, দেড় বছর আগে সড়কটি পাকা করা হলে এলাকাবাসী স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন। কিন্তু কাজ এত নিম্নমানের হয়েছে যে ছয় মাস যেতে না-যেতেই সড়কটির পিচ উঠতে থাকে। এলাকাবাসী অবশ্য সড়কটি সংস্কারের সময়ই নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। কিন্তু তখন কেউই শোনেনি। এখন বৃষ্টি শুরু হতে না হতেই খোয়া উঠে খানাখন্দগুলো বড় হতে শুরু হয়েছে।
ভটভটিচালক আলিম উদ্দিন (৪০) বলেন, ‘মূল আস্তার পুলের কাজ শুরু হওয়ায় এই আস্তাডা ভালোই চালু হচে। কিন্তু আস্তাডার অবস্থা খারাপ হওয়ায় হামাকেরে যাওয়া-আসায় সমস্যা হচ্চে।’
এই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক তাজমিলুর রহমান (৩৫) বলেন, রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে। যেকোনো সময় গাড়ি উল্টে যাওয়ার ভয়ে থাকতে হয় বলে জানান তিনি।
ক্ষুব্ধ যাত্রীরাও। উপজেলা সদরে নিয়মিত যাতায়াত করতে হয় দামগাড়া গ্রামের আজিজুল ইসলামকে (৫৫)। তিনি বলেন, ‘দিনের পর দিন আমাদের প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে ওই রাস্তা পার হতে হয়। অথচ পৌরসভার রাস্তাটি নিয়ে কোনো উদ্বেগ আছে বলে মনে হয় না।’
শিবগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রাসেদ হাশেম বলেন, ‘সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটা ঠিক। বিষয়টি আমি মেয়র স্যারকে জানিয়েছি। আশা করি, অচিরেই সংস্কারকাজ শুরু হবে।’ মেয়র তৌহিদুর রহমান বলেন, ‘শিগগিরই ওই সড়কটির সংস্কারের কাজ শুরু হবে।’