
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের পাশের খালি জায়গায় জমে আছে আবর্জনার স্তূপ।
গতকাল মঙ্গলবার দেখা যায়, আবর্জনার স্তূপে পড়ে আছে পুরোনো ভাঙা বেসিন, কমোড, বালতি, বালিশ ও তোশক। স্তূপের পাশে কয়েকটি ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল রাখা। পার্কিংয়ের জায়গা না হলেও ওই খালি জায়গায় রাখা হয়েছে গাড়ি। খালি জায়গার এক প্রান্তে কয়েকটি বাঁশ ও তার দিয়ে রোগীদের ধোয়া কাপড় শুকানোর ব্যবস্থা করা হয়েছে। এরই পাশে এক কোণ থেকে আসছে প্রস্রাবের দুর্গন্ধ। সেখানে আরেকটি পুরোনো গাড়ি পড়ে আছে।
নিরাপত্তারক্ষী আবদুর রউফ বলেন, ‘কাউকে আবর্জনা ফেলতে দেখি না। এখানে রোগীদের কেউ কেউ আবর্জনা ফেলতে পারে। বেশি ময়লা জমলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।’
হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মী বলেন, বাইরের কেউ এখানে ময়লা ফেলে না। রোগীর লোকেরাই রাতের বেলা ময়লা-আবর্জনা ফেলে। এ ছাড়া বার্ন ইউনিটের ভবনে কিছু কাজ করা হয়েছিল। সে সময় কিছু কিছু এখানে ফেলে রাখা হতে পারে। এই খালি জায়গার ময়লাগুলো সরানো হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মী বলেন, বার্ন ইউনিটের পাশের ওই স্তূপটি মাটির। তার ওপর কিছু পলিথিনের ব্যাগ থাকতে পারে। গ্রাম থেকে আসা রোগীর স্বজনদের সচেতনতার অভাব আছে। তাদের অনেকে রক্ত ও জীবাণুবাহী গজ-ব্যান্ডেজ যত্রতত্র ফেলে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আবু জাহের প্রথম আলোকে বলেন, হাসপাতালের ভেতর ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট রঙের ঝুড়ি দেওয়া আছে। আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে নার্স ও রোগীর স্বজনদের বলা হয়। তাঁরা বিষয়টি তদারক করেন। তিনি বলেন, বার্ন ইউনিটের পাশের খোলা জায়গায় আবর্জনার স্তূপের বিষয়টি তিনি জানেন না। ময়লা ফেলা হয়ে থাকলে বিষয়টি তাঁরা দেখবেন।