
দেখতে অপ্রাপ্তবয়স্ক চড়ুই বা মেয়ে চড়ুইয়ের মতো হলেও এই পাখিরা চড়ুইয়ের মতো ছোট ছোট লাফে সামনে এগোয় না, হেঁটে হেঁটে এগোয়। চঞ্চল নয়, শান্ত স্বভাবের এই পাখিদের চারণক্ষেত্র হলো খোলা মাঠ-চষা খেত-নদীতীর-চর-দ্বীপ-বালুচর। মূল খাদ্য ছোট ছোট পোকামাকড়, কীটপতঙ্গ, নানান রকম ঘাসের বিচিসহ অন্যান্য শস্যদানা। মাঠের ভেতরের তাল-খেজুরগাছের রস মাটিতে পড়লে মাটিসহ সেই রসও খায়। পান করে শিশিরকণাও। তাই বুঝি গানের গলাটা এদের দারুণ মিষ্টি-সুরেলা!
বাংলাদেশের মাঠ-প্রান্তরের মাটিতে চরে বেড়ানো এই পাখিটির নাম ‘বালি ভরত’। ‘মেঠো চড়ুই’ ও ‘ধুল চড়ুই’ নামেও পরিচিত। নিরীহ, ক্যামোফ্লেজ হতে মহা ওস্তাদ এবং তীক্ষ্ণ ও হুঁশিয়ার দৃষ্টিসম্পন্ন বালি ভরতের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। ওজন গড়পড়তা ১৩ গ্রাম। বালি ভরত নামটা জুতসই এই জন্য যে একনজরে এরা বালুরঙা, তাতে কালচে-বাদামি ছিট ও টান। পাখার উপরিভাগসহ পিঠ ও লেজের ওপরে ছিট-ছোপ ও টান অপেক্ষাকৃত বড়। গলার নিচটা বালু-সাদা, বুক-পেট ও লেজের তলার রং সাদা। চোখের মণি কালো—সেই চোখে সব সময়ই একটা ভয় ভয় ভাব ও নিরীহ-গোবেচারা ছবি ফুটে থাকে। কানপট্টি লালচে-বাদামি। মাথার পেছন দিকে সূক্ষ্ম-সরু চুল-পালকের ঝুঁটি এদের আছে বটে, তা শুধু জেগে ওঠে প্রেম মৌসুমে, ভয় পেলে বা উত্তেজিত হলে। চোখের ওপর দিয়ে সাদা একটা টান বয়ে গেছে। ঠোঁট ধূসরাভ, পা হলুদাভ-গোলাপি।
প্রজনন ঋতু ছাড়া জোড়ায় জোড়ায় বা ছোট ছোট দলে চরে। মূলত মাটিতে হেঁটে বেড়ায়। উড়তে চায় না। উড়াল দেয় বটে, তবে প্রেমিকার চোখ-মন ভোলাতে! মাটি থেকে শূন্যে উঠতে উঠতে ঝিরিঝিরি পাখা নাড়তে নাড়তে কী সুন্দর মন ভোলানো প্রেম সংগীত যে গেয়ে চলে! খাড়া উঠে যায় অনেকটা ওপরে, নানান রকম ডিসপ্লে দেখায় ও আবার নেমে আসে মাটিতে। বাসা বাঁধার মৌসুম এদের দুভাগে বিভক্ত। প্রথমত ফাল্গুন-জ্যৈষ্ঠ মাস। আষাঢ়-শ্রাবণে মাঠ-প্রান্তর বৃষ্টির জলে ডুবে গেলে এরা সাময়িকভাবে শুকনো এলাকায় চলে যায়। শরত-হেমন্ত হলো বাসা বাঁধার দ্বিতীয় মৌসুম। বাসা করে খেতের আইলের ভেতর। উপকরণ হলো চিকন শক্ত ঘাসের অংশ, কলাগাছের বাকলের সুতো, ঘাস, পরিত্যক্ত পাটের আঁশ ইত্যাদি। বাসা বাঁধতে সময় লাগে চার থেকে নয় দিন। ১৯৯৬ সালে পরমাণুবিজ্ঞানী ড. রেজাউর রহমান ও সাংবাদিক ফরহাদ মাহমুদ, আ ন ম আমিনুর রহমান প্রমুখ যখন আমার গ্রামে গিয়েছিলেন পাখি দেখতে, তখন বালি ভরতের বাসায় ছানাসহ এই বালি ভরত দেখেছিলেন। নবদম্পতি প্রথম দু-তিন বছর বাসা করে উপকরণ বিছিয়ে-সাজিয়ে। তারপরে বাসা করে অনেকটাই পিরামিড আকৃতির, যেনবা তাঁবু গাড়ে মাটিতে থাকা ঘাসের ভেতরে। প্রবেশ দরজা খুবই ছোট থাকে। ডিম পাড়ে দু-তিনটি। ডিম ফুটে ছানা হয় ১০-১১ দিনে। ছানাদের শরীর পালকে ভরে যায় ওই ১০-১১ দিন বয়সেই। তখন বাসা ছেড়ে মায়ের পেছনে চরে বেড়ায়। শত্রু দেখলে বা মানুষের তাড়া খেলে ছানারা বালু-মাটি-ঢেলার তলায় ঠোঁট-মাথা গুঁজে পড়ে থাকে উটপাখির মতো।