বালিহাঁসের কাঠের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কাঠের বাক্সের বাসায় ডিমে তা দিচ্ছে বালিহাঁস। সেপ্টেম্বরের মাঝামাঝি ছবিটি তোলা l প্রথম আলো
নতুন কাঠের বাক্সের বাসায় ডিমে তা দিচ্ছে বালিহাঁস। সেপ্টেম্বরের মাঝামাঝি ছবিটি তোলা l প্রথম আলো

২১ ইঞ্চি বাই ১২ ইঞ্চির ছোট্ট কাঠের ঘর। এমন ২৮টি কাঠের ঘর স্থাপন করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের বাইক্কা বিলের পাড়জুড়ে। এর মধ্যে ২৩টি বাক্স ১৫/২০ ফুট উঁচু কংক্রিটের খুঁটিতে এবং বাকি পাঁচটি গাছের সঙ্গে বাঁধা। প্রজননের এই মৌসুমে এসব ঘরেই বসতি গড়েছে বালিহাঁস।
বালিহাঁসের প্রজনন মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর, কোনো কোনো ক্ষেত্রে অক্টোবর পর্যন্ত। এই চার মাসের জন্য এসব বাক্স হয়ে ওঠে বালিহাঁসের ঘরবাড়ি। চলতি মৌসুমে তারা ২১টি বাক্সে বাসা বুনেছে, ডিম পেড়েছে ও বাচ্চা ফুটিয়েছে। তাদের তুলতুলে নরম দেহের ছানাপোনাগুলো এখন বাইক্কা বিল ও আশপাশের বিলে ডুব-সাঁতার দিয়ে বেড়ে উঠছে।
বালিহাঁস আমাদের দেশের বিলুপ্তপ্রায় পাখি। এরা বাসা তৈরি করে বিলের ধারের পুরোনো গাছের গর্ত বা কোটরে অথবা কোনো পুরোনো মঠ-মন্দির বা প্রাচীন পরিত্যক্ত স্থাপনার ভেতর। বেশ কয়েক বছর থেকে বাসা তৈরির এই স্থানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং জলাভূমির কাছে পুরোনো গাছ কমে যাওয়ার ফলে তাদের প্রজনন ও বংশবৃদ্ধি মারাত্মক বিঘ্নিত হতে থাকে। এখন শুধু বড় হাওরগুলোতেই তারা টিকে আছে। বিশেষ করে প্রজনন মৌসুমে বাসা বোনার নিরাপদ পরিবেশ ও প্রতিবেশ-সংকটে পড়ে স্থানীয় (দেশি) প্রজাতির এই পাখি। এই অবস্থায় কাঠের তৈরি বাক্সই হয়ে উঠেছে বালিহাঁসের বাসা বোনা, ডিম পাড়া ও বাচ্চা ফোটানোর নতুন আশ্রয়।
বিলে ছানা ফোটানোর এই কৃত্রিম পদ্ধতি শুরু হয়েছে বছর দশেক আগে। ‘ম্যাচ’ নামে একটি বেসরকারি সংস্থা ২০০৬ সালে প্রথম বাইক্কা বিলে ১০টি খুঁটিতে বাক্স স্থাপন করে। কিন্তু সে বছর কোনো বালিহাঁস বাক্সে বাসা তৈরি করেনি। ২০০৭ সালে প্রথম তিন-চারটি বাক্সে বাসা বোনে, ডিম পাড়ে ও বাচ্চা ফোটায়। সেই থেকে প্রতিবছর কিছু না কিছু বালিহাঁস এখানে বাচ্চা দিয়েছে। তবে চলতি মৌসুমে অনেক পাখি ডিম দিয়েছে, বাচ্চা ফুটিয়েছে। এই প্রতিষ্ঠানটি অবশ্য ছয়-সাত বছর আগেই তাদের এ ধরনের কার্যক্রম গুটিয়ে নেয়।
বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডি (সিএনআরএস) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধীনে বাক্সগুলো তৈরি করা হয়েছে। এ বছরের মার্চে বাক্সগুলো পরিষ্কার করে সেগুলোতে কাঠের গুঁড়া রেখে দেওয়া হয়। গুঁড়ার মধ্যে খড়কুটো এনে জমিয়ে ডিম পাড়ার মতো পরিবেশ তৈরি করে বালিহাঁস।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাইক্কা বিলের পূর্ব ও দক্ষিণ পাড়ে রয়েছে হিজল, করচ, জারুল, বট, শিমুল, জামসহ বিভিন্ন প্রজাতির গাছ। এসব গাছের ফাঁকে ফাঁকে পাকা খুঁটিগুলো স্থাপন করা হয়েছে। খুঁটির মাথায় কাঠের তৈরি বাক্স বাঁধা।
সাধারণত জলাশয়ের কাছাকাছি কিংবা পানির দিকে ঝুঁকে থাকা গাছের খোঁড়ল বা গর্তে বাসা করে থাকে এই পাখি। এ ছাড়া পানির কাছে মরা তালগাছের চূড়া বা পুরোনো নির্জন দালানের খাপেখোপেও তারা নিজের আবাস গড়ে তোলে; যাতে ডিম ফোটার দু-এক দিনের মধ্যে বাচ্চারা লাফ দিয়ে পানিতে নেমে যেতে পারে। ডিম পাড়ার ২৮ দিনের মধ্যে বাচ্চা ফোটে।
শ্রীমঙ্গলে অবস্থিত ক্রেলের উত্তর-পূর্ব আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক পাখিই এখন বিপন্ন। এই পাখি সংরক্ষণে ক্ষুদ্র পরিসরে হলেও আমরা কাজ শুরু করেছি। এতে ভালো ফল মিলছে।’ তিনি বলেন, জলচর পাখির জলাভূমির কাছে বাসা তৈরির সুবিধার্থে পুরোনো গাছগুলো রক্ষা করা দরকার। এ ছাড়া জলজ উদ্ভিদ সংরক্ষণে নির্দিষ্ট জলাভূমিকে অভয়াশ্রম ঘোষণা করা জরুরি।
মাজহারুল ইসলাম জানালেন, ক্রেলের নিয়মিত একটি দল বাক্সগুলো পর্যবেক্ষণ করছে, যাতে বালিহাঁস নির্ভয়ে ডিম দিতে ও বাচ্চা ফোটাতে পারে। এরই মধ্যে অনেক বাক্স থেকে বাচ্চা ফুটে বিলের পানিতে চলে গেছে। এখনো কিছু হাঁস ডিম পাড়ছে।