বালিয়াডাঙ্গী গ্রামে পদ্মার ভাঙন চলছেই

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও নয়টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। পদ্মার করাল গ্রাস থেকে ঘর রক্ষার জন্য দিশেহার হয়ে পড়েছে অসহায় মানুষ।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ওই গ্রামের নয়টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
গতকাল বেলা দুইটার দিকে হঠাৎ করেই নদীর প্রচণ্ড স্রোত বালিয়াডাঙ্গী গ্রামে আছড়ে পড়তে শুরু করে। এতে ঘরবাড়ি, বিদ্যুতের দুটি খুঁটিসহ অর্ধশতাধিক গাছ নদীতে ভেসে গেছে। ভিটেহারা দিশেহারা মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার ওপর।
চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ খান জানান, গত শনিবার থেকে শুরু হওয়া এই ভাঙনে এখন পর্যন্ত ৩০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙনের আশঙ্কায় ৫৩টি পরিবার ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। বালিয়াডাঙ্গী গ্রাম এলাকায় এক মিটার এলাকাব্যাপী এ ভাঙন শুরু হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, ‘চরভদ্রাসনের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। পানি বাড়ার কারণে ভাঙন বাড়ছে। এ ভাঙন আরও চার-পাঁচ দিন চলতে পারে।’
চরভদ্রাসনের হাজিগঞ্জ থেকে এমপিডাঙ্গী পর্যন্ত ৩ দশমিক ৯ কিলোমিটার অংশে ভাঙন রোধে স্থায়ী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সুলতান মাহমুদ। এ জন্য ৩২৬ কোটি টাকার একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এটি অনুমোদন হলে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া যাবে।