বাসযোগ্য পৃথিবী গড়তে সোচ্চার হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহীতে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। এর আগে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পরিবেশ দিবসের প্রতিপাদ্য নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এদিকে দিবসটি উপলক্ষে বেসরকারি সংস্থা সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের উদ্যোগে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সকাল ৯টায় মানববন্ধন হয়। এ সময় বক্তারা বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে মানুষকে পরিবেশদূষণ সম্পর্কে সোচ্চার ও সচেতন হওয়ার আহ্বান জানান।

নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে সকাল ১০টায় জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। এ ছাড়া নাটোর শহর দিয়ে প্রবাহিত নারদ নদ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এদিকে সদর উপজেলার জংলি এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় তিনি বলেন, ইতিহাস থেকে জানা যায়, একসময় নারদ নদে বড় বড় নৌকা চলত। অথচ এখন এই নদে পানির স্বাভাবিক প্রবাহ নেই। পুরো নদ ময়লা-আবর্জনায় ভরে গেছে। তাই কর্মসৃজন কর্মসূচির কর্মীদের দিয়ে নদের পানি ও দুই তীর পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়েছে। যত দিন প্রয়োজন এ কাজ চলবে। দখলদারদের নোটিশ দিয়ে দখলমুক্ত করার প্রাথমিক কাজ শুরু হয়েছে। নিজে থেকে দখল অপসারণ না করলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আমিনুর রহমান। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুর রহমান। আলোচনা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নদী বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির আয়োজনে যমুনা নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহীদ শেখ রাসেল পার্ক চত্বরে ফলদ গাছের চারা রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের আহ্বায়কমাসুদ পারভেজ। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের কর্মকর্তা আশরাফুল আলম, জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবদুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক জাফরুল আলম প্রমুখ। বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার ও সহযোগিতা করার আহ্বান জানান।

বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকালে শহরের জিলা স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম মাসুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এদিকে ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ স্লোগানে সরকারি আজিজুল হক কলেজের আয়োজনে এবং শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীরের সহযোগিতায় বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এবং বাগমারা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও নওগাঁ প্রতিনিধি)