বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অভিবাসীদের অধিকার সুরক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও নীতিমালা প্রণয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে জলবায়ু-সংক্রান্ত আন্তরাষ্ট্রীয় সম্মেলন থেকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নরওয়ে ও সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন ন্যানসেন ইনিশিয়েটিভের সহযোগিতায় খুলনার স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনে দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের সরকারি প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ নেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এ সম্মেলনের গতকাল রোববার ছিল শেষ দিন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। অধিবেশনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনগত অভিঘাতের কারণে সারা বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু এসব মানুষের অধিকার সুরক্ষায় আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো কার্যক্রম দেখা হয় না। এ-সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের জন্য তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ন্যানসেন ইনিশিয়েটিভের অধ্যাপক ওয়াল্টার কাইলিন বলেন, দুর্গত মানুষের কণ্ঠস্বর সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্যই তাঁদের এই উদ্যোগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিুদল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফচ, কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ট্রান্সফরমেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক রিয়াজুল করিম চৌধুরী প্রমুখ। সম্মেলনে আরও বলা হয়, ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে শুধু দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ৪ কোটি ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।
বরিশালে জলবায়ু পরিবর্তন প্রভাবমুক্ত রাখতে কর্মশালা: বরিশাল অফিস জানায়, জলবায়ুর প্রভাব থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশের ১৭ ভাগ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে। ‘ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম প্রণয়ন মাঠ পর্যায়ের ভাবনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় এই আশঙ্কার কথা বলেন বক্তারা। গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের বিডিএস সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।