
দেশে বায়ুর মান পর্যবেক্ষণে এখন পর্যন্ত বিদেশি প্রযুক্তিই ভরসা। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিদেশ থেকে আনা উচ্চ মূল্যের যন্ত্র। এ ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছেন কয়েকজন তরুণ উদ্যোক্তা। তাঁদের দাবি, দেশেই আন্তর্জাতিক মানের বায়ু পর্যবেক্ষণ যন্ত্র তৈরি করা সম্ভব। ইতিমধ্যেই তাঁরা এমন যন্ত্রের কার্যকরী নমুনা তৈরি করেছেন। এটি পূর্ণাঙ্গ রূপ দিলে বায়ু পর্যবেক্ষণে বিদেশ থেকে আমদানি করা যন্ত্রের সমমানের ফল পাওয়া যাবে। খরচ পড়বে ৪০ গুণ কম।
তরুণ উদ্যোক্তারা তাঁদের যন্ত্রটির নাম দিয়েছেন ‘হ্যালো এয়ার: এয়ার পল্যুশন মনিটরিং ইউজিং লো-কস্ট সেন্সরস’। যন্ত্রটির একটি নমুনা (প্রটোটাইপ) গত ২৯ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে আয়োজিত স্মার্ট সিটি উদ্ভাবনী প্রদর্শনীতে প্রদর্শন করা হয়। অন্য কয়েকটির সঙ্গে এই উদ্ভাবনটিও পুরস্কার পায়।
হ্যালো এয়ারের উদ্যোক্তা রোহান কামাল। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের শেষ বর্ষের ছাত্র। রোহান প্রথম আলোকে বলেন, বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা। কীভাবে অল্প খরচে এই দূষণ সম্পর্কে ধারণা পাওয়া যায়, তার জন্যই এই উদ্যোগ। দূষণ নির্ধারণ করতে পারলেই ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পদক্ষেপ নেওয়া সহজ হবে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকার মার্কিন দূতাবাসে একটি এবং সংসদ ভবন, ফার্মগেট ও মিরপুরের দারুস সালাম এলাকায় আরও তিনটি সার্বক্ষণিক বায়ুমান নির্ণয়কেন্দ্র আছে। মার্কিন দূতাবাসের কেন্দ্রটি ছাড়া অন্যগুলো পরিবেশ অধিদপ্তরের অধীন ‘নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ প্রকল্প’-এর অংশ হিসেবে স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশালে এমন আটটি কেন্দ্র আছে।

রোহান কামাল বলেন, বায়ুমান পর্যবেক্ষণে বিদেশে দুই ধরনের যন্ত্র পাওয়া যায়। একটি খুবই দামি আর অন্যটির দাম কম। দামি যন্ত্রটি গবেষণার জন্য ব্যবহার করা হয়। এর দাম ৫০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলার (৪০ লাখ থেকে ৮০ লাখ টাকা)। আর ১০ থেকে ৫০০ মার্কিন ডলারে যে যন্ত্রটি পাওয়া যায়, সেটি অতি সচেতন নাগরিকেরা ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য কেনেন। তিনি বলেন, ‘আমরা যে যন্ত্রটি তৈরি করছি তার দাম পড়বে মাত্র আড়াই হাজার থেকে তিন হাজার মার্কিন ডলার বা দুই লাখ থেকে আড়াই লাখ টাকা।’
রোহান জানান, তাঁরা যন্ত্রের মান ঠিক রেখে দাম কমানোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ, দাম কমানো সম্ভব হলে এই ধরনের যন্ত্র বেশি সংখ্যায় ব্যবহার করা যাবে। তিনি বলেন, এই ধরনের যন্ত্রের মূল উপাদান হচ্ছে ‘সেন্সর’—যার মাধ্যমে বায়ুতে গ্যাসীয় দূষক ( কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, ওজোন, সালফার ডাই-অক্সাইড প্রভৃতি) এবং পার্টিকুলার ম্যাটার বা ক্ষুদ্র বস্তুকণার মাত্রা নির্ণয় করা হয়। এই সেন্সরগুলো যুক্তরাষ্ট্র, জাপান ও তাইওয়ানে তৈরি হয়।
রোহান কামাল বলেন, নমুনা তৈরির জন্য তাঁরা বিদেশ থেকে প্রয়োজনীয় সংখ্যক সেন্সর কিনে এনেছেন। এরপর নিজেরা নিয়ন্ত্রণকারী সফটওয়্যার ও প্রিন্টেড সার্কিট (পিএস) বোর্ড তৈরি করেছেন। তারপর তাতে আনুষঙ্গিক উপকরণ যুক্ত করেছেন। এই নমুনা থেকে বায়ুমান সম্পর্কে কার্যকরী তথ্য পাওয়া গেছে দাবি করে তিনি বলেন, যন্ত্রটি পূর্ণাঙ্গ রূপ পেলে এর মাধ্যমে গ্যাসীয় দূষকের পাশাপাশি ৩৮০ নিউটন মিটার থেকে ১৭ হাজার ৫০০ নিউটন মিটার আকারে ক্ষুদ্র ধূলিকণার মাত্রা পরিমাপ করা যাবে। যন্ত্রটির মাধ্যমে প্রাপ্ত তথ্য সরকার, শিল্পকারখানা, আন্তর্জাতিক সংস্থা, সাধারণ জনগণ ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে।
রোহানের সঙ্গে হ্যালো এয়ার উদ্যোগে রয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ছাত্র রকিবুল শরীফ ও আশিক রিফাত, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিমুল হক, সাইফ মারুফ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ জ্যোতি।

ঢাকার বায়ুমান পর্যবেক্ষণে তিনটি স্টেশন যথেষ্ট কি না, জানতে চাইলে নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ প্রকল্পের পরামর্শক স্বপন কুমার বিশ্বাস সম্প্রতি প্রথম আলোকে বলেন, তিনটি পর্যাপ্ত নয়; উত্তরা, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, বাড্ডা, মতিঝিল এলাকায়ও স্টেশন বসানো প্রয়োজন। কিন্তু যন্ত্রগুলো অনেক ব্যয়বহুল। একটি স্টেশন বসাতে ২ লাখ মার্কিন ডলার বা ১ কোটি ৬০ লাখ টাকার বেশি খরচ পড়ে। কম দামে তরুণ উদ্যোক্তাদের তৈরি করা নমুনা যন্ত্রটির কথা জানালে তিনি বলেন, সারা বিশ্বে এ ধরনের যন্ত্রের একটি মানদণ্ড আছে। অনেকগুলো সূচকের ভিত্তিতে ‘ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি’ এই মানদণ্ড নির্ধারণ করে। কম দামে অনেকেই বায়ুমান পর্যবেক্ষণের যন্ত্র তৈরি করতে পারে, কিন্তু সেটি এই এজেন্সির নির্ধারিত মানের হতে হবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রোহান কামাল বলেন, এখন তাঁরা যন্ত্রটির কার্যকরী নমুনা তৈরি করেছেন। যন্ত্রটি যখন পূর্ণাঙ্গভাবে তৈরি করে বিভিন্ন এলাকায় স্থাপন করা হবে, তখন যে যে প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়, সব প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া হবে।