বিআইডব্লিউটিসি দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় নৌচলাচল বন্ধ রাখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌচলাচল ফের শুরু হয়েছে। পদ্মা নদীতে ঝোড়ো হাওয়ার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে আজ সোমবার বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত নৌচলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মাদারীপুর ও কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, আজ সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আর ঝোড়ো হাওয়া বইতে থাকে। এ অবস্থায় বেলা ১১টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ১৭টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ২৫০টি স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাটের দুই পারে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে আবহাওয়া স্বাভাবিক হলে বেলা দুইটার দিকে আবার নৌযান চলাচল শুরু হয়।

মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সকাল ১০টায় কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছাই। এর কিছু পরেই শুরু হয় ঝোড়ো বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি। এরপরই ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। পরে তিনটার দিকে গাড়ি ফেরিতে ওঠে।’

চট্টগ্রামগামী ট্রাক চালক কানন ব্যাপারী জানান, সকাল থেকে মালবোঝাই ট্রাক নিয়ে টার্মিনালে বসে আছেন। ঘাটে ফেরিস্বল্পতা রয়েছে। আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া। পরে ফেরিঘাট খুলে দিলে যাত্রীবাহী বাস পারাপার হতে পারলেও ট্রাকের সারি থেকেই যায়।

বিলাস পরিবহনের চালক শহীদ তালুকদার বলেন, ‘আবহাওয়া খারাপ থাকায় যাত্রীদের নিয়ে প্রায় তিন ঘণ্টা বাসে বসে থাকতে হয়েছে। হঠাৎ এমন ঝড়বৃষ্টি শুরু হলে যাত্রীদের সঙ্গে আমাদের এমন দুর্ভোগ পোহাতে হয়।’

কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের উপপরিদর্শক কুশল কুমার সাহা প্রথম আলোকে বলেন, আবহাওয়া খারাপ থাকায় ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখে। এতে একটু যানজট হয়। আবহাওয়া স্বাভাবিক হলে অল্প সময়ের মধ্যে যানজট স্বাভাবিক হয়ে আসে।