বিপদ যখন অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই পাখিটা, বিপদমুক্ত হওয়ার পরে l ছবি: লেখক
সেই পাখিটা, বিপদমুক্ত হওয়ার পরে l ছবি: লেখক

এক কাঁদি আধা পাকা সবরি কলা ঘাড়ে ফেলে খালপাড় ধরে হেঁটে যাচ্ছেন যে মধ্যবয়সী কৃষক, আমাদের পাঁচজনকে নৌকায় দেখে থমকে দাঁড়ালেন তিনি, জানতে চাইলেন পরিচয় ও উদ্দেশ্য। অচেনা আমরা কাছেরই একটা গ্রামের নাম জানালাম, ওই গ্রামের এক ভদ্রলোকের নাম বলতেই চিনলেন উনি—আমরা জানালাম ওই বাড়িতেই বেড়াতে এসেছি আমরা বাগেরহাটের ফকিরহাট থেকে।
তারপরে বললাম উদ্দেশ্যের কথা। সঙ্গে সঙ্গে উনি বললেন, একটু দূরেই তাঁর কলাবাগান আছে, কলাবাগানের পাশে আছে কেয়াঝোপ—ওখানটাতে বেশ কিছু পাখি থাকে। আর গত রাতে তিনি ধেনোইঁদুরের জন্য ফাঁদ পেতেছিলেন একটা কেয়াঝোপের ভেতরে, এক পাশে একঝাড় গোলপাতার গাছ আছে, আছে বেশ কটি সুন্দরীগাছও। ওই ফাঁদে ইঁদুরের বদলে আটকেছে একটি চ্যাগা পাখি, আঠায় এমনভাবে মাখামাখি হয়েছে যে অনেক চেষ্টা করেও ছাড়াতে পারেননি পাখিটিকে। কলাবাগানের কলার সর্বনাশ করে ধেনোইঁদুর—ধান তো নষ্ট করেই। খবরটা আমাদের উত্তেজিত করল। কৃষক ভদ্রলোককে নৌকায় চড়িয়ে নিয়ে পৌঁছালাম ঘটনাস্থলে, পাখিটা যেন লেপ্টে আছে কাঠের তক্তাটায় মাখানো ইঁদুর ধরার আঠায়। পাখিটিকে চিনলাম। গত সন্ধ্যায় এটা বোধ হয় রাতের আশ্রয় নিতে এসেছিল এই কেয়াঝোপের তলায়, পা ফেলেছে আঠায়, ব্যস! একেবারে মরণদশা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় অনেক কষ্টে পাখিটিকে তক্তা থেকে মুক্ত করলাম। দুখানা পা-ই ভাঁজ হয়ে শক্ত হয়ে আছে। আঠা যেন জুড়ে দিয়েছে শক্ত করে। বালুমাটি, সর্ষের তেল ও জল দিয়ে বহু চেষ্টা করা হলো, না ভাঁজজোড়া পা খোলা গেল না। তবে জোর করে ড্রপারে জল পান করালাম। দু-পাঁচটা জলজ পোকাপতঙ্গও গেলালাম। সঙ্গী শিপলু খান জানাল—ফকিরহাটে গিয়ে এটিকে ‘ছাইথেরাপি’ দিতে হবে। অর্থাৎ ছাইয়ের গাদায় ফেলে রাখতে হবে।
ঘটনাটি এ বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহের। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ ক্লাবের চারজনসহ আমরা একটি উদ্দেশ্যহীন ছোট ট্রিপে বাগেরহাট থেকে গিয়েছিলাম পিরোজপুরের ভাণ্ডারিয়ার একটা গ্রামে। ওখানকার একটি গ্রামের নাম আছে দারুলহুদা—দারুলহুদা নামে একটি খালও আছে, খালটি বিশাল কচা নদী থেকে উঠে বহু পথ ঘুরে আবার কচা নদীতেই পড়েছে। আমরা ওই খাল পথটুকুতেই নৌকাভ্রমণে বেরিয়েছিলাম—যদি কিছু পাই! পেলাম তো এই পাখিটিকে।
পাখিটিকে নিয়ে এলাম আমার গ্রামের বাড়িতে। ছাইথেরাপির সঙ্গে পাতিলেবুর রসের থেরাপিও চলল। আট দিনের মাথায় পাখিটি বিপদমুক্ত হলো। অবশ্য কেঁচিথেরাপির কবলে পড়ে বেচারার লেজ, পা ও বুক থেকে বেশ কিছু পালক খোয়া গেল। জান বড় না পালক বড়!
পাখিটিকে নীল রং মেখে আকাশে উড়িয়ে দেওয়া হলো ২৭ ফেব্রুয়ারি। উড়েই যে কী রকম আনন্দের ডাক দিল ওটা!
পাখিটির নাম ভুতুমে চ্যাগা, কেউ কেউ বলে কইতরে চ্যাগা—কেতাবি নাম মুরগি, মটে বাটাল, বাটান বা সোনা বাটান। ইংরেজি নাম Pacific Golden plover. বৈজ্ঞানিক নাম pluvialis fulva. মাপ ২৫ সেন্টিমিটার। আমাদের দেশে এরা পরিযায়ী হয়ে আসে। খেতখামার, নদীতীরসহ দ্বীপ, হাওর-বাঁওড়-চর—সর্বত্রই বিচরণ এদের। মূল খাদ্য ছোট ছোট পোকামাকড়, জলজ সুতোপোকা ও নানান রকম শস্যবীজ। মাথা দুলিয়ে আর শরীর মাথা ঝাঁকিয়ে এরা পিলপিল পায়ে দ্রুতবেগেই মার্চ করে মাটির ওপর দিয়ে। এগোয় সামনের দিকে। আশপাশে ভিড়তে দিতে চায় না অন্য পাখিদের। এদের চলাফেরায় যেমন একটা একরোখা বা দাম্ভিক ভাব আছে, তেমনি আছে মারকুটে স্বভাব। বিপদের গন্ধ পেলে মুহূর্তেই স্ট্যাচু হতে এদের জুড়ি মেলা ভার, বুক-পেট মাটিতে মিশিয়ে পড়েও থাকে মাটিতে। ছোট ছোট দলে চলে ও চরে। এদের পিঠের রং সোনালির স্পষ্ট আভা মাখানো, তার ওপরে থাকে অসংখ্য কালচে-বাদামি ছিট ছোপ, মনে হয় সোনালি রঙের ওপর নন্দিত কোনো চিত্রশিল্পীর চিত্রবিচিত্র ধ্রুপদি শিল্পকর্ম আঁকা। বুকটাও একই রকম। বুকের নিচ থেকে পেট পর্যন্ত মেটে সাদা। প্রজনন ঋতুতে মুখমণ্ডল-চিবুক-গলা ও পেটের রং হয় কুচকুচে কালো। মাথা-ঘাড়-গলা জুড়ে চওড়া লম্বাটে রং ফোটে—চলে যায় লেজের গোড়া পর্যন্ত। ঠোঁট-পা চকচকে কালো। আকার-গড়নও চলনে-ধরনে এদের অনেকটাই কবুতরের মতো লাগে, ফকিরহাট-চিতলমারী-মোল্লাহাট-তেরখাদায় তাই বুঝি নাম এদের কইতরি চ্যাগা। ভুতুমে চ্যাগা নামেও পরিচিত এটা। মাথা বড়, চোখ বড়, ছোট ছোট ও ভারি দেহের জন্য এদের কেমন যেন ‘ভুতুম প্যাঁচা ভুতুম প্যাঁচা’ লাগে, হয়তো নামটা এ জন্যই।