বিপন্ন বনকুলাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনকুলাথা l ছবি: লেখক
বনকুলাথা l ছবি: লেখক

আমরা যাচ্ছি। না, দূরে কোথাও না। এই তো ঢাকার প্রান্ত ছুঁয়ে খানিকটা পথ। মাথার ওপরে দিগন্তবিস্তারি নীলাকাশ। হেমন্তের নরম বাতাস ছড়িয়ে আছে। বাতাসে উড়ছে কাশফুলের পেলব বীজগুলো। চারপাশটা একেবারে স্বপ্নের মতো। এদিকটায় বিচিত্র শাকসবজির চাষ। কোথাও আবার ঝোপজঙ্গলে ভরা। মানুষের তেমন আনাগোনা নেই। বৃক্ষভক্ত জায়েদ আমিন বসুন্ধরা আবাসিক এলাকা লাগোয়া তিন শ ফুট প্রশস্ত সড়ক থেকে বাঁ দিকে গাড়ি ঘোরালেন। দুপাশের সারিবদ্ধ ভিটেগুলো বিরান। যতই ভেতরে যাই, ততই নিবিড় হতে থাকে বুনো ঝোপঝাড়। অসংখ্য লতাগুল্মে ঢাকা পড়েছে মাটি। সাদা কলমির ফুল দেখে গাড়ি থামানো হলো। আরেকটু দূরেই দুই রকম বুনো শিমের ফুল ফুটেছে। কালকাসুন্দা ফুটেছে থরে থরে। আমরা এখানে এসেছি মূলত সংকর জাত ফুলের একটি ঘনিষ্ঠ প্রজাতি দেখতে, যা আগে কখনো দেখার সুযোগ হয়নি।
কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল আরেকটি বিস্ময়। বেশ খানিকটা জায়গাজুড়ে লতানো গাছে হলুদ সোনালি রঙের অসংখ্য ফুল ফুটে আছে। পাতা দেখতে অনেকটা দাঁতরাঙার পাতার মতো। কয়েক বছর আগে গাছটি দেখেছিলাম গাজীপুরের শালবনে। তখন ফুল ছিল না। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের তথ্যমতে গাছটি এখন বিপন্ন। স্থানীয়ভাবে এরা (Cajanus scarabaeoides. Syn: Atylosia scarabaeoides) বনকুলাথা বা বনকুরটি নামে পরিচিত। ইংরেজি নাম Showy Pigeonpea, Peanut Grass ইত্যাদি। পত্র ৪ থেকে ৫ সেমি লম্বা, ৩-পত্রক, বিডিম্বাকার থেকে আয়তাকার, পুরু, গোড়ার দিকে তিনটি স্পষ্ট শিরা আছে, নিম্নভাগ রোমশ ও উপপত্র ক্ষুদ্র আকৃতির। পত্রবৃন্ত প্রায় ২ মিমি লম্বা, বাদামি ও রোমশ। খাটো কাক্ষিক মঞ্জরিদণ্ডে ২ থেকে ৬টি ফুল ফোটে। পাপড়ির রং হলুদ, ৮ থেকে ১০ মিলিমিটার লম্বা। ফল শিমের মতো। ফুল ও ফলের মৌসুম জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বিস্তৃত। স্থানীয়ভাবে গবাদিপশুর ডায়রিয়া নিরাময়ে এ গাছ কাজে লাগে। ভাবছিলাম, প্রকৃতির ধ্বংসস্তূপের ওপর জেগে ওঠা এই বিপন্ন প্রাণ নিজেদের অস্তিত্ব আর কত দিন টিকিয়ে রাখতে পারবে?