
সম্প্রতি সিলেটের জাফলংয়ে গিয়েছিলাম বেড়াতে। সীমান্তের এপারে বাংলাদেশের অংশটি পাথরের বাজারে পরিণত হলেও ওপারে ভারতের অংশ আজও সবুজ ও সৌন্দর্যময়। সেখানে অচেনা এক ফুলের দেখা পেলাম।
একটি বড় আমগাছের উঁচু ডালে পরাশ্রয়ী হিসেবে আঁকড়ে আছে লতার মতো একটি উদ্ভিদ। এর প্রতিটি শাখায় উজ্জ্বল লাল-কমলা রঙের ফুল। ফুলটি দেখেই অভিভূত হয়েছি। টেলিলেন্স লাগিয়ে কিছু ছবি তুলেই পাঠালাম ভারতের কয়েকজন পরিচিত উদ্ভিদ গবেষকের কাছে। তাঁরা জানিয়ে দিলেন এটি Aeschynanthus parasiticus।
একসঙ্গে কয়েকটি ফুল, কাণ্ডের অগ্রভাগে গুচ্ছ আকারে। মঞ্জরিপত্র রৈখিক ও বল্লমাকার। দলমণ্ডল তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত লম্বা ও গ্রন্থিল। বাইরের পৃষ্ঠ রোমশ। ভেতরের অংশে রোম বেশ মোটা, অগ্রভাগ গ্রন্থিল। মুখ প্রায় গোলাকার, গ্রীবা হলুদাভ, দলমণ্ডলের অবশিষ্ট অংশ কমলা-লাল বা ইটের মতো। প্রতি খণ্ডকের মাঝখানে গাঢ় বেগুনি রঙের ছোপ ছোপ দাগ। পুংকেশর দলমণ্ডল থেকে অনেকখানি বের হয়ে থাকে। প্রায় গ্রন্থিল রোমশ। ফল ক্যাপসুল-সদৃশ, ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা। বৃতিনল ৮ থেকে ১৫ সেন্টিমিটার, খণ্ডক, ত্রিকোনাকার। আগস্ট মাসের শেষ সপ্তাহে ফুল পেয়েছি। ফল ছিল একটি।
কোনো বাংলা নাম নেই। ওয়েবসাইট ঘেঁটে একটি নাম পাওয়া গেল: ‘বাস্কেট ভাইন’। এটি অল্প শাখান্বিত মাংসল পাতার ঝুলন্ত লতা। প্রধানত অন্য গাছের কাণ্ড আঁকড়ে ধরে জীবন কাটায়। কাণ্ডের পর্ব থেকে যে শিকড় গজায়, সেই শিকড়ই আশ্রয়ী উদ্ভিদের কাণ্ডকে জড়িয়ে ধরে। কাণ্ড সরু, পর্ব থেকে মূল গজায়। পাতা প্রতিমুখ, সরস, উপবৃত্তাকার।
এই উদ্ভিদ সাধারণত চিরহরিৎ অরণ্যে জন্মে, প্রধানত সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৪০০ মিটার উচ্চতায়। বিভিন্ন প্রজাতির বুনো বৃক্ষের কাণ্ড, গুঁড়িতে এটি পরাশ্রয়ী হিসেবে জন্মায়। এটি ভারতের মেঘালয় রাজ্যের এন্ডেমিক প্রজাতি, অর্থাৎ প্রাকৃতিকভাবে শুধু মেঘালয়ের পাহাড় ও কাছাকাছি দেশের জনপদে দেখা যায়। বীজের বিস্তারের ফলেই এটি জাফলং ও জৈন্তাপুর এলকায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে জাফলং এলাকায় কোনো প্রাকৃতিক বন নেই। পাহাড় কেটে তোলা হচ্ছে পাথর আর যে কয়েকটি পাহাড়ে বন্য গাছপালা ছিল, তা কেটে সেসব পাহাড়ে অ্যাকাশিয়া লাগিয়ে তৈরি করা হয়েছে জাফলং গ্রিন পার্ক! বীজের মাধ্যমে এটি বংশবিস্তার করে থাকে। প্রধানত পোষক উদ্ভিদ কেটে ফেলা এবং বন ধ্বংস করার কারণেই এটি বিরল হয়ে গেছে। এর আর দুটি জাতভাই আমাদের দেশে দেখা গিয়েছিল জাফলং ও জৈন্তাপুর এলাকায়। উদ্ভিদটি আমাদের দেশে প্রায় সংকটাপন্ন। সংরক্ষণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রাকৃতিক পরিবেশ অথবা প্রাকৃতিক পরিবেশের বাইরে অর্থাৎ ইন-সিটু ও এক্স-সিটু উভয় পদ্ধতিতে সংরক্ষণ করা যেতে পারে।
বর্ষায় মেঘালয়ের পাহাড়ি ঝরনাগুলো জেগে ওঠে। বৃষ্টির ছোঁয়ায় পাহাড়ের বুকে জন্মানো গাছপালা নতুন সজীবতা পায়। মেঘালয়ের পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলরাশি আমাদের নদ-নদীতে জলের প্রাপ্যতা বাড়িয়ে দেয়। পাহাড়ে জন্মানো হাজারো গাছপালার ফল ও বীজ বাতাস, পানি, পাখি কিংবা বাদুড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে আশপাশে। জাফলংয়ে বহুবার গিয়েছি, মেঘালয়ের পাহাড় সব সময় সেখানে টেনে নিয়ে যায়। এবার তামাবিলে গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অচেনা এই অনন্য ফুলটির দেখা পাই।