বিরল ধুমকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাইয়ের চিৎমরমে বটগাছে বিশ্রামরত ধুমকল। সম্প্রতি তোলা ছবি l লেখক
কাপ্তাইয়ের চিৎমরমে বটগাছে বিশ্রামরত ধুমকল। সম্প্রতি তোলা ছবি l লেখক

দুর্লভ ও বিরল পাখির খোঁজে পুরো সকালটাই কাপ্তাই জাতীয় উদ্যানের সর্পিল ছড়া ধরে হাঁটলাম। কিন্তু সে রকম কোনো পাখির দেখা পেলাম না। দুপুরে একটা সিএনজিচালিত অটোরিকশা ধরে ব্যাঙছড়ির উদ্দেশে রওনা হলাম। ব্যাঙছড়ি পর্যন্ত না গিয়ে চিৎমরম নামক জায়গায় নেমে পড়লাম। বিশাল একটা বটগাছের পাশ দিয়ে যাচ্ছি। গাছভর্তি হলুদ রঙের পাকা ফল। আমার সঙ্গী চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছিন চেঁচিয়ে উঠল, ‘স্যার, পাতার ফাঁকে দেখুন চুপচাপ একটি সবুজ পাখি বসে আছে।’ ভালো করে দেখলাম একটি নয়, দুটি পাখি। সবুজ পাতার আড়ালে সবুজ পাখি। ভালো ছবি তোলা কিছুটা কঠিন। তাই একটু ভালো অ্যাঙ্গেল পাওয়ার আশায় রাস্তার ওপারে গেলাম। সঙ্গে সঙ্গে চোখে পড়ল আরও ছয়টি পাখি। ২৩ ডিসেম্বর ২০১৬-এর ঘটনা এটি। এর আগে কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে একবার এবং হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে দুবার ওদের দেখা পেয়েছিলাম।

এই বিরল পাখিটি হলো আমাদের আবাসিক বুনো কবুতর ধুমকল। ইংরেজি নাম Green Imperial Pigeon বা Northern Green Imperial Pigeon। Columbidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Ducula aenea।

ধুমকল বড় আকারের বুনো কবুতর। ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য ৪৩-৪৭ সেমি ও ওজন ৫০০ গ্রাম। পিঠ, ডানা ও লেজের উপরিভাগ ধাতব সবুজ। মাথা, ঘাড় ও দেহের নিচটা মেটে-ধূসর। লেজের তলা খয়েরি-লাল। নীলচে ঠোঁট ও গাঢ় লাল চোখ। পা ও পায়ের পাতা গোলাপি লাল থেকে প্রবাল লাল। নখ কালচে-ধূসর। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম।

ধুমকল সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়-টিলাময় চিরসবুজ বনের পাখি। সচরাচর একাকী, জোড়ায় বা চার-পাঁচটির ছোট দলে দেখা যায়। তবে অনেক সময় ৫০-৬০টির বড় দলেও বিচরণ করতে পারে। গাছের পাতার ছাউনির নিচে এমনভাবে বসে থাকে, যেন সহজে চোখে পড়ে না। বিভিন্ন ধরনের বট, পাকুড় ও এ-জাতীয় ছোট ছোট পাকা ফল খেতে পছন্দ করে। এরা গাছে গাছেই বিচরণ করে। তবে পানি পান করতে ও লবণযুক্ত মাটি খেতে মাঝেমধ্যে মাটিতে নামে। অত্যন্ত দ্রুত ও সোজাসুজি উড়তে পারে।

মার্চ থেকে জুন প্রজননকাল। স্ত্রী সচরাচর একটি ও ক্বচিৎ দুটি ধবধবে সাদা ডিম পাড়ে। ডিম ফোটে ১৫-১৯ দিনে। প্রায় ছয়-সাত বছর বাঁচে। দিনে দিনে আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।