সুপারি পাকার মৌসুমে পাখিটিকে দেখা যেত বাগানের মাটি ও ঝরাপাতার ওপরে লাফাতে। পাকা সুপারি পাড়তে বাগানে গিয়ে গাছিরা তো দেখতেনই,Ñদেখত শিশু-কিশোরেরাও। তারা বাগানে যেত বাদুড়ে চিবানো পাকা সুপারি,Ñযেগুলো ঝরে পড়ত মাটিতে, সেগুলো কুড়াতে। পাখিটিকে পরম্পরায় চিনত তারা ‘পাতা দোয়েল’ ও ‘বাগানে দোয়েল’ নামে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমরা সমবয়সী কয়েকজন বন্দুক হাতে গহিন গ্রামীণ বনেই থাকতাম বেশি। অক্টোবর মাসের এক দুপুরে পাশের গ্রামের একটি বাগানে আটকাবস্থায় দেখি একজোড়া বাগানে দোয়েলকে। লোহার চৌকো খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট-লাফালাফি করছে, পালক ঝরেছে কিছু, মাথার তালুতে লেগেছে চোট। এক বৃদ্ধা এলেন লাঠিভর দিয়ে, তাঁর ছেলেই গত রাতে মুরগির ছানার টোপ দিয়ে পেতেছিলেন খাঁচাটি, শিয়াল বা মেছো বাঘ আটকানোর জন্য। ছেলে কোথাও গেছেন, বুড়িমা এসেছেন খাঁচা দেখতে বাগানের সুঁড়িপথ ধরে। আমরা তখন খাঁচার পাশে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছি পাখি দুটি খাঁচায় ঢুকলই–বা কেন, ভারী দরজাই–বা আটকে গেল কীভাবে? পায়ে রশিবাঁধা মুরগিছানা তো অক্ষত! তখন বুড়িই বললেন, ‘বড় পোকা ধাওয়া করে খাঁচায় ঢুকেছিল ওরা। এ জন্যই খাঁচার ডালা গেছে পড়ে। জানিস, এই পাখিরা তিন বছর থাকে শ্বশুরবাড়ি, এক বছর বাপের বাড়িতে। বাপের বাড়ি হলো বাংলাদেশ।’
সেই বুড়িমার তোবড়ানো গালের ফোঁকলা দাঁতের হাসি আজও মনে আছে আমার। তিনি কোথা থেকে তথ্যটা পেয়েছিলেন, তা আর জানার উপায় নেই। তবে তাঁর কথাটা ঠিকই ছিল। বাগানে দোয়েলদের খুবই কম নজরে পড়ে আমাদের দেশে। প্রতি ৪–৫ বছরে হয়তো ক্বচিৎ কোথাও নজরে পড়ে।
শীতের এই পরিযায়ী বাগানে দোয়েল বা পাতা দোয়েলের কেতাবি নাম ধূসর দামা। ইংরেজি নাম ‘Tickell’s thrush’। বৈজ্ঞানিক নাম Turdus unicolor।
দৈর্ঘ্য ২১ সেন্টিমিটার। পুরুষটি একনজরে নীলাভ–ধূসর, ঘাড়-বুক ধূসর, চকচকে বুক, পেট ও লেজের তলা সাদাটে-ধূসর। উড়লে দুই পাখার তলদেশের লালচে রং নজরে পড়ে। মেয়েটির মাথা-ঘাড়-পিঠ জলপাই-বাদামি, গলা সাদাটে, পেট ও লেজের তলা সাদা, শরীরের দুই পাশে বাদামি রং মাখানো, চোখের পাশে ও গলার নিচের বুকে কালচে ছিট ও টান। ঠোঁট টকটকে হলুদ, পা সবুজাভ হলুদ। পুরুষের ঠোঁটও হলুদ।
আমাদের জাতীয় পাখি দোয়েলের মতো এদের গলাও সুরেলা মিষ্টি, ডাক ও গানে যেমন বৈচিত্র্য আছে, তেমনি আছে ভিন্নতা। গ্রামীণ ও প্রাকৃতিক বন এদের খুবই পছন্দ। মাটিতে লাফিয়ে লাফিয়ে দাপিয়ে-ঝাঁপিয়ে এরা ঝরাপাতা উল্টে উল্টে, গাছের শিকড়বাকড়ে ঠোঁট চালিয়ে চালিয়ে আর ঝোপঝাড় পরখ করে করে খায় নানা রকম পোকামাকড়, কেঁচো, মাটির তলায় থাকা কেঁচোজাতীয় প্রাণী। শিকার একটু বড় হলে ও উড়ে-লাফিয়ে পালাতে চাইলে দুই পাখা মেলে ঝাঁকায়,Ñপাখার বাতাস ঠেলে দেয় শিকারের দিকে। ঘাড় বাঁকায়, লাফও দেয়। শীতের শিশিরভেজা ঝরাপাতা ও মাটি তারা আলগা করতে পারে সহজে। দৌড়ঝাঁপে ঝোপঝাড়-কচু-শটির পাতায় জমা শিশিরে এদের শিশিরস্নান হয়ে যায় সাতসকালে। ঘন কুয়াশায় এরা কিছুটা অসহায় হয়ে পড়ে।