বিলচোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধু ধু চরে বিলচোরা l ছবি: মনিরুল খান
ধু ধু চরে বিলচোরা l ছবি: মনিরুল খান

বিশাল চরভূমিটার কিনারার জল ছুঁয়ে হেঁটে বেড়াচ্ছে পাখিটি। বেঢপ-মোটা গাঁইতির মতো ঠোঁট দিয়ে শিকার গাঁথছে ঠোঁটে। জেলে নৌকার বালক মাঝি নৌকা থেকে নেমে হাঁটুজল ভেঙে উঠল গিয়ে চরভূমিটায়। পাখিটা ঘাড় বাঁকিয়ে টানটান শরীরে তীক্ষ্ণ চোখে দেখছে বালককে। কাছাকাছি গিয়ে খেলাচ্ছলে বালক ঝেড়ে দৌড় দিল পাখিটির দিকে। পাখিটাও দ্রুত বেগে দৌড় শুরু করল বিপরীত দিকে। থামল বালক। এমুখো হয়ে থেমে গেল পাখিটাও। ওই পাখিটা দারুণ চতুর ও তুখোড় অভিনেতা। বউটি আরও বেশি দক্ষ অভিনেত্রী। বালুচরেই খোঁদলমতো জায়গায় দু-তিনটি বালু বা পাথর-রঙা ডিম পাড়ে, ডিমে লালচে-বাদামি ভাব থাকে, ছিটছোপ থাকে। ওই সময়ে মেয়েটি বলতে গেলে একাই ডিমে তা দেয়, পুরুষটি থাকে কড়া পাহারায়। ওই সময় কেউ এগোতে থাকলে মেয়েটি বাসা ছেড়ে আহত হওয়ার অভিনয় করে—যেনবা ভেঙে গেছে একখানা ডানা। খোঁড়া হয়ে গেছে একখানা পা। ল্যাংচাতে ল্যাংচাতে বাসা থেকে দূরে গিয়ে মাটিতে কাত হয়ে ছটফট করে। পুরুষটি যায় বউয়ের কাছে। শত্রু বা যেকোনো মানুষ ওদের দিকে এগোলে, তখন আবার দৌড়াবে। ওড়ে না সহজে, তবে ওড়ার আগে প্রায় ক্ষেত্রেই বিমানের রানওয়ে ধরে ছোটার কায়দায় ছুটবে, তারপরে মেলবে পাখা। ওদের দৌড়ে আছে চমৎকার তাল-লয়-ছন্দ।
এলাকার কজন জেলে আমাকে পাখিটির নাম বলেছিলেন হাঁটুভাঙ্গা, চরমুরগি, ঢেঁকিচ্যাগা ও বাঁটালিচ্যাগা। এই কটি নাম আমি আরও কজন জেলে ও বনজীবীর কাছে শুনেছি। কেতাবী নাম বিলচোরা। ইংরেজি নাম Great thick-knee। বৈজ্ঞানিক নাম Esacus recurvirostris। দৈর্ঘ্য ৫১ সেন্টিমিটার। দেখতে আকারে-গড়নে অনেকটাই আমাদের দেশি মুরগির মতো। তবে পা দুখানা বেশি লম্বা। সুন্দর এই পাখির চোখ-মাথা-কপাল ও মুখমণ্ডলে চমৎকার রঙের মিশেল। হলুদ চোখের উপরিভাগ দিয়ে অর্ধচন্দ্রের মতো সাদা টান, চোখের নিচ দিয়ে চওড়া কালো টান, ডানা ও গলার দুপাশ সাদা, চোখের নিচে একটা ছোট কালো টান, মোটা ঠোঁটের গোড়াটা হলুদ, পা দুখানাও আলতা-হলুদ বা কমলা-হলুদ। কপাল সাদা। একনজরে শরীরের উপরিভাগ বাদামি। চকচকে সাদাটে-বাদামি নিচের দিকটা। বিশ্রামের সময় এরা চরভূমিতে বসে হাঁটু মুড়ে, ঠোঁট বালুতে গেড়ে দিয়ে তার ওপরে মাথার ওজন ভর করে। অভিনয়ের সময়েও এরা একখানা হাঁটু মুড়ে ল্যাংচায়। এদের ওড়ার ধরন বুনো হাঁসদের মতো।
মূল খাদ্য বিভিন্ন প্রজাতির কাঁকড়া। ঠোঁট দিয়ে যেন কুড়াল বা গাঁইতি চালিয়ে এরা কাঁকড়ার দাঁড়া ভেঙে ঘিলু ও অন্যান্য তরলজাতীয় খাবার খায়। কৌশলে কাঁকড়ার সাঁড়াশি (চিমটি) এরা পা দিয়ে ভেঙে ফেলে। খাদ্যতালিকায় আরও আছে মাছ-শামুক, পোকামাকড় ও কীটপতঙ্গ, ছোট সাপ, পাখির ডিম, ইঁদুর ইত্যাদি। এরা দৌড়বিদ ও ভালো সাঁতারু পাখি। আবার বুনো হাঁসের মতো জলে ভাসতেও ভালোবাসে।
মূলত দ্বীপ-চর-মোহনার পাখি। সুন্দরবন অঞ্চলে দেখা মেলে। এরা আমাদের দেশের বিরল আবাসিক পাখি। চরতে পছন্দ করে শেষ বিকেল-গোধূলি ও ফুটফুটে জোছনা রাতে। প্রজনন মৌসুম ফাল্গুন থেকে আষাঢ় মাস পর্যন্ত। ডিম ফুটে ছানা হয় ২৬-২৭ দিনে। এ সময় উড়ে উড়ে খুশিমনে দুটিতে মিলে ডাকাডাকি করে।