বিলবোর্ডে নিরাপত্তা বিঘ্নিত ও সৌন্দর্য নষ্ট
পাবনার বেড়া ও সাঁথিয়া পৌরসভার যত্রতত্র বিলবোর্ড টাঙানোয় এলাকার সৌন্দর্য নষ্টের পাশাপাশি যান ও পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি করছে।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইসউদ্দিন বলেন, বিলবোর্ড ও ব্যানারের কারণে সড়কদ্বীপ অর্থাৎ গোলচত্বরের কাছে চালকেরা অনেক সময় উল্টো দিক থেকে আসা যানবাহন দেখতে পান না। ফলে তাঁদের ওই স্থান দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।
দুটি পৌর এলাকার ভিন্ন ভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সড়কের পাশে টাঙানো অসংখ্য বিলবোর্ড মলিন অবস্থায় রয়েছে। এসব বিলবোর্ডের ফাঁকে ফাঁকে দু-এক জায়গায় কিছু পুরোনো পোস্টারও রয়েছে। বিলবোর্ড ও পোস্টারের কারণে গোটা এলাকা অনেকটাই শ্রীহীন হয়ে পড়েছে।
বেড়া বাসস্ট্যান্ড গোলচত্বরটি ঢাকা পড়ে আছে অসংখ্য বিলবোর্ড ও ব্যানারে। অথচ সৌন্দর্যবর্ধন ও জননিরাপত্তা বাড়ানোর জন্য বছর খানেক আগে পাবনা-ঢাকা মহাসড়কের এই গোলচত্বর নির্মাণ করা হয়। এ সময় এলাকার সাত-আটজন জানান, বিলবোর্ড ও ব্যানারের কারণে ওই স্থানের সৌন্দর্য ও নিরাপত্তা দুই-ই নষ্ট হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছরের ১ নভেম্বর সাঁথিয়ায় এবং ২৯ নভেম্বর বেড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী নেতা ও তাঁদের সমর্থকদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ভরে যায় বেড়া ও সাঁথিয়া পৌর সদরের বিভিন্ন এলাকা। সম্মেলন শেষ হওয়ার প্রায় চার মাস পেরিয়ে গেলেও বিলবোর্ডগুলো রয়ে গেছে আগের মতোই। ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙানো বিলবোর্ডগুলো এখনো আছে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষেও সম্প্রতি বেশ কিছু বিলবোর্ড টাঙানো হয়েছে। বিলবোর্ডগুলো অপসারণের জন্য পৌর কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।
বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘সব দলেরই কিছু কিছু বিলবোর্ড-ব্যানার আছে। তবে কিছুদিন আগে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় আমাদের দলের বিলবোর্ড-ব্যানার হয়তো বেশি আছে। এগুলো অপসারণের ব্যাপারে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করব।’
সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম ও বেড়া পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, বিলবোর্ড-ব্যানার অপসারণের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।