বিলীন ৩০টি বসতভিটা হুমকিতে বিদ্যালয়
বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ি গ্রামের ৯০০ মিটার এলাকাজুড়ে প্রায় দুই সপ্তাহ ধরে যমুনা নদীর ভাঙন চলছে। গত তিন দিনে ওই এলাকার ৩০টি পরিবারের বসতভিটা, প্রায় পাঁচ একর আবাদি জমি বিলীন হয়ে গেছে।
এ ছাড়া কৈয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন হুমকির মুখে পড়েছে। আর ২০-২৫ মিটার ভাঙলেই বিদ্যালয়ভবনটি বিলীন হয়ে যাবে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, গত তিন দিনে যমুনা নদীর ভাঙনে কৈয়াগাড়ি গ্রামের ৩০টি পরিবারের বাড়িঘরসহ প্রায় পাঁচ একর আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া কোনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এখন হুমকির মুখে পড়েছে। জরুরি ভিত্তিতে ভাঙনরোধের কাজ করা না হলে বিদ্যালয় ভবনটি নদীতে বিলীন হয়ে যাবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন মণ্ডল বলেন, যমুনার ভাঙনে হুমকির মুখে কৈয়াগাড়ি প্রাথমিক বিদ্যালয় ভবন নিলামে বিক্রি করার প্রস্তুতি চলছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উপজেলার বাঘাবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ি, বরইতলী, ভূতমারী, পুকুরিয়াসহ কয়েকটি গ্রামের কাছে যমুনা নদীর ভাঙনরোধে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়। বগুড়ার ঠিকাদার লিয়াকত আলীসহ চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে বোল্ডার ও বালুর বস্তা ফেলে প্রকল্পের কাজ প্রায় শেষ করেছে। এর মধ্যেই আবার উজানের দিকে কৈয়াগাড়ি গ্রাম এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নদীর পানি বেড়ে আগের প্রকল্প এলাকার শেষের দিক থেকে কিছু অংশ নিয়ে উত্তর দিকে কৈয়াগাড়ি গ্রামের কাছে প্রায় ৯০০ মিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। ভাঙন এলাকার মানুষ তাদের বাড়িঘর সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। কৈয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নদীর দূরত্ব মাত্র ২০-২৫ মিটার।
স্থানীয় চার-পাঁচজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, যেভাবে নদী ভাঙছে, তাতে কয়েক দিনের মধ্যে বিদ্যালয় ভবনটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। ইতিমধ্যে ভাঙনের শিকার হয়েছে হাফিজার, হামিদা বেওয়া, অবিরন খাতুন, শাহজাহান, ময়না খাতুন, নজরুল ইসলাম, সোহরাব আলী, রায়হান, জানু মিয়া, নজরুল ইসলাম, বাহাদুর আলী, আমজাদ হোসেন, সুরুত জামানসহ প্রায় ৩০টি পরিবার।
নদীভাঙনে বসতভিটা হারানো কৈয়াগাড়ি গ্রামের হামিদা বেওয়া বলেন, ‘তিনবার নদীভাঙনে পইড়া সব হাইরা গেছে। এহন তিনজন ইতিম ছওয়াল মাইয়া নিয়ে থাকনছি। মঙ্গলবার বিয়ানবেলা মাথা গোঁজার ঠাঁইটা নদী ভাইঙা নিয়া গেল। এহন হেগরে নিয়ে যাইমু কই। দয়া হইরা আপনেরা এহন এল্লা নদীর বাঙ্গন ঠেইকা দিয়া আমাইগরে রক্ষা হইরা দেন।’ পাশের বাড়ির আবিরন বিবি বলেন, ‘কয় দিন আগেই নদী পাড় থাইকা ঘরবাড়ি ভাইঙ্গা এহেনে আইসা থাকুনছে। আবারও এহন ভাঙনে পইড়া সব হাইরা গেল। এহন টেহাপয়সা নাই। ঘরবাড়ি ভাইঙ্গা নিয়া যামু কোন হানে। নিজের তো আর জায়গা জমিন নাই।’
বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রহুল আমিন বলেন, যমুনা নদীর পানি প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে তীরে আঘাত করছে। ফলে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। এ জন্য জরুরি ভিত্তিতে প্রায় আট কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করে বালুর বস্তা ফেলে ভাঙনরোধের চেষ্টা চলছে।