
ধলালেজ শিলাফিদ্দা পাখিটি দেখার জন্য সাতবার বাংলাদেশে আসেন যুক্তরাজ্যের পাখিবিজ্ঞানী ফিলিপ রাউন্ড। সপ্তমবার ২০১৪ সালের মার্চে তিনি পাখিটি পেয়ে যান রাজশাহীর এক চরে। গবেষণায় ধরা পড়েছে, বিলুপ্তপ্রায় পাখিটি ২০ বছর ধরে এই চরেই বাস করছে। সরুঠুঁটি গাঙচিল নামে আরেকটি পাখি এ দেশে মাত্র দুবার দেখা গেছে কক্সবাজার এলাকায়। রাজশাহীর এই চরে এবার পাখিটির দেখা মিলেছে।
বিশ্বব্যাপী সংকটাপন্ন আরও বেশ কিছু পাখির দেখা মিলছে পদ্মা নদীতে জেগে ওঠা এই চরে। দেশ-বিদেশের পাখিপ্রেমীদের চোখ এখন এই চরের দিকে। তাঁরা বলছেন, দিনে দিনে এই চর পাখিদের নিশ্চিন্ত আশ্রয় হয়ে উঠছে।
বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, ‘আমার জানামতে বাংলাদেশে একটিই শহর আছে, যে শহরে ১০টি বিরল প্রজাতির পাখি দেখা যায়। বৈশ্বিক বিলুপ্তির তালিকায় রয়েছে এমন অন্তত ছয়টি পাখি রাজশাহী শহরের পাশের চরে দেখা যায়। এ রকম সমৃদ্ধ চর দেশে দ্বিতীয়টি নেই, যেখানে বিরল পাখিগুলো এক জায়গায় টিকে আছে।’ তিনি বলেন, বড় আকারের বিলুপ্তপ্রায় পাখি মানিকজোড় হয়তো রয়েছে আর মাত্র পাঁচ প্রজাতির। সেই মানিকজোড় রাজশাহীর চরে দেখা গেছে। তিনি বলেন, এই চরের একটি নির্দিষ্ট অংশ পাখিদের জন্য সংরক্ষণ করা দরকার।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বন্য প্রাণী বিশেষজ্ঞ আ ন ম আমিনুর রহমান দাবি করেন, এই চরে অন্তত ১০টি বিরল প্রজাতির পাখি আছে। তিনি বলেন, ২০১১ সাল থেকে তিনি এই চরে আসছেন। গত বছর তিনি এখানে সবচেয়ে বেশি পাখি দেখতে পেয়েছেন। এবার এখনো শীত শুরু না হতেই চকাচকি, কালোগলা মানিকজোড়সহ কয়েকটি পাখি দেখেছেন। তাঁর মনে হয়েছে, এবারও অনেক পরিযায়ী পাখি এই চরে আসবে।
এই চরটি সংরক্ষণের দাবি তুলছেন পাখি বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেকেই পাখির ছবি তুলতে ভিড় করেন। তাঁদের খেয়াল রাখা দরকার, পাখি যেন মানুষের উপস্থিতিতে বিরক্ত না হয়। অনেকেই ঢিল ছুড়ে পাখি উড়িয়ে ছবি তোলেন। কৃষকদেরও সচেতন করা উচিত। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ বার্ড ক্লাব ও রাজশাহী বার্ড ক্লাবের উদ্যোগে পদ্মার ধারে একটি সভা ও রাজশাহীর পাখির আলোকচিত্র প্রদর্শনী করা হয়। সেখানেও চরটি সংরক্ষণের দাবি ওঠে।
রাজশাহী নগরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। শহরের পাশে একটি বড় চর ফেলে নদীর মূলধারা দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরের শ্রীরামপুর এলাকা থেকে দক্ষিণ দিকে চর মাঝারদিয়াড়ের উত্তর পাশেও একটি বিস্তৃত চর পড়েছে। আবার আরও একটু পশ্চিম দিকে পবা উপজেলার গহমাবোনা এবং তার পার্শ্ববর্তী এলাকায়ও প্রতিবছর চর পড়ে। এই নদীর চরে কয়েক বছর ধরে পাখি বিশেষজ্ঞ ও পাখিপ্রেমীদের ক্যামেরায় ধরা পড়ছে বিশ্বব্যাপী সংকটাপন্ন ও বিলুপ্তপ্রায় অনেক পাখি।
পাখিপ্রেমীদের পথ দেখাতে দেখাতে নৌকার কয়েকজন মাঝিও যেন ছোটখাটো পাখি বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। পাখি কখন আসে-যায়, সব হিসাব তাঁরা জানেন। বাংলা নামের পাশাপাশি পরিযায়ী কিছু পাখির ইংরেজি নামও তাঁরা শিখে ফেলেছেন। তাঁদের প্রতিরোধের মুখে পাখি শিকারিরা পিছিয়ে যেতে বাধ্য হন। এ ছাড়া যাঁরা চর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন, তাঁরাও সহাবস্থানের সম্পর্ক গড়ে তুলেছেন পাখিদের সঙ্গে। রাজশাহীর এই চরে পাখিদের আশ্রয় নেওয়ার এটিও একটি কারণ।

১ অক্টোবর চরের সদ্য জেগে ওঠা অংশে গিয়ে দেখা গেল, পাখিরা চরের এই অংশের দখল নিয়েছে। সুনসান নীরবতা ভেঙে কানে আসে শুধুই পাখির কলরব। দূর থেকেই ক্যামেরার লেন্সে ধরা পড়ল একঝাঁক পাখি। দেশি পাখির মধ্যেও দু-একটি বিরল প্রজাতির পাখির দেখা মিলল। শীত শুরু না হলেও দেখা গেল দু-একটি পরিযায়ী পাখি।
বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হাসনাত রনি ক্যামেরাবন্দী করে ফেললেন বিরল কালা মানিকজোড়, উদয়ী বাবুবাটান, প্রশান্ত সোনাজিরিয়া ও সরুঠুঁটি গাঙচিল। এরা মিশে ছিল হাজার খানেক ছোট বাবুবাটানের সঙ্গে। পানি নেমে যাওয়ার পর পুরোনো চরের কাশবন আবার সতেজ হয়ে উঠেছে। ফুল ফুটেছে। সেখানে গিয়ে পাওয়া গেল লাল মামুনিয়া, ধলালেজ শিলাফিদ্দাসহ দেশীয় আরও নানা জাতের পাখি।
সর্বশেষ ১৪ অক্টোবর পদ্মার চরে দ্বিতীয় দফায় গিয়ে আরও কিছু নতুন পাখির দেখা পাওয়া গেল। এগুলো হলো দাগি রাজহাঁস, রাঙা মানিকজোড়, কালাগলা মানিকজোড়, কালা মানিকজোড়, ধলাগলা মানিকজোড়, উল্টোঠুঁটি ও শতদাগি ঘাসপাখি। পাখি ছাড়াও এই চরে ভোঁদড়, কচ্ছপ, বনবিড়ালসহ অন্যান্য বন্য প্রাণীও দেখা গেছে। এমনকি ঘড়িয়ালও দেখা গেছে।
বাংলাদেশ বার্ড ক্লাবের সহসভাপতি অণু তারেকের বাড়ি রাজশাহীতে। মাঝেমধ্যেই তিনি পদ্মায় পাখি দেখতে আসেন। পাখিশুমারি করেন। প্রথম আলোকে তিনি বলেন, এই চরে তাঁরা অনেক দুর্লভ পাখি দেখেছেন। এগুলোর মধ্যে দাগি রাজহাঁস হচ্ছে একমাত্র পাখি, যা সরাসরি এভারেস্ট অতিক্রম করে উড়ে আসে। গত বছর রাজশাহীতে ১১টি পাখি দেখা গেছে। শতদাগি ঘাসপাখি বাংলাদেশে দেখা গেছে মাত্র তিন বছর আগে। রাজশাহীতে এদের গত বছর প্রথম দেখা যায়। এরা পদ্মার এই চরে এখন প্রজনন করছে। দেশি গাঙচষা বিশ্বব্যাপী বিপন্ন। এই পাখি এখন পদ্মার চরে প্রজনন করছে। ওপরের চঞ্চু নিচেরটার চেয়ে ছোট। উড়ন্ত অবস্থায় নিচের চঞ্চু দিয়ে পানির ওপরে লাঙল দেওয়ার মতো করে উড়তে উড়তে মাছ ধরে। প্রতি শীতে পরিযায়ী ছোটকান প্যাঁচা দেখা যায়, যা আমাদের দেশের একমাত্র দিবাচর প্যাঁচা। এ ছাড়া গত শীতে বিশ্বব্যাপী বিপন্ন পালাসি-কুরাইগল দেখা গেছে, যা অনেক দশকে উত্তরবঙ্গে প্রথম এবং বিশ্বব্যাপী বিপন্ন অতি বিরল কালাপেট পানচিলকে বাসা করতে দেখা গেছে। অণু তারেক বলেন, পদ্মার চরের মানুষের সঙ্গে পাখির এক অদ্ভুত সহাবস্থান রয়েছে। চর খিদিরপুরের এক বাড়িতে গিয়ে তিনি ঘুঘুর বাসা পেয়েছেন। ওই বাড়ির লোকেরা পাখি শিকার করেন না।
নৌকার মাঝি নূরুল ইসলামের বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তিনি ১২ বছর ধরে পদ্মা নদীতে নৌকা চালান। যাঁরা বাইরে থেকে ঘুরতে আসেন, তিনি তাঁদের নৌকায় তুলে ঘুরে বেড়ান। এই এক যুগ ধরে পদ্মায় থেকে তিনি জেনে গেছেন কখন কোন পাখি আসে। পাখিরা কোন দিকে বিচরণ করে। কোন পাখি কতটুকু কাছে ঘেঁষতে দেয়—সব। নূরুল ইসলাম এবার স্নাতক পরীক্ষা দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নৌকা চালানোকে পেশা হিসেবে নিয়েছেন। যোগাযোগ রয়েছে রাজশাহী বার্ড ক্লাব, বাংলাদেশ বার্ড ক্লাব ও অন্যান্য পাখি বিশেষজ্ঞের সঙ্গে। বর্ষার পানি নেমে যাওয়ার পর তাঁর কাছ থেকে পাখিপ্রেমীরা পাখির খবর পেয়ে যান। কয়েক দিন আগে মুঠোফোনে যোগাযোগ করলে নুরুল মাঝি বলে দেন ইতিমধ্যে কয়টি পরিযায়ী পাখি এসে গেছে।