‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামের জেলা-উপজেলাগুলোতেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শোভাযাত্রা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বিশ্বকে বসবাসের উপযোগী রাখতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে ফেনীতে গতকাল সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।
লক্ষ্মীপুর বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল নয়টায় সদর উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা বের হয়ে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে পটিয়ায় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন ও পটিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক)। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়ার ইউএনও আবদুল্লাহ আল মামুন।