বিশ্বে এক ও অদ্বিতীয় সুন্দরবন

সুন্দরবনে কী করে বেঙ্গল টাইগার বসত গড়ল, তার রহস্য বের করা এখনো বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি। পৃথিবীতে আর কোনো বন নেই, যেখানে নিরবচ্ছিন্নভাবে ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে বৃক্ষ ও জীববৈচিত্র্য রয়েছে। এমন কোনো বন নেই, যেখানে ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে। আমাজনের পরেই প্রতি বর্গমিটারে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে সুন্দরবনে।
সুন্দরবনের গঠন–প্রক্রিয়া
সুন্দরবন একমাত্র সক্রিয় বদ্বীপ। পদ্মা, মেঘনা ও যমুনার সঙ্গে বঙ্গোপসাগরের মোহনা বা সংযোগস্থলেই সুন্দরবনের সৃষ্টি। তবে কবে ও কীভাবে একটি পরিণত বন হিসেবে সুন্দরবনের সৃষ্টি হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো হিসাব এখনো বিজ্ঞানীরা দিতে পারেননি।
সুন্দরবন বদ্বীপে নিয়মিতভাবে পলি পড়ে এখানে নতুন ভূমি জেগে ওঠে, আবার অনেক ভূমি ভেঙে নদী-সমুদ্রে তলিয়ে যায়। কোনো একটি ভূখণ্ড চর আকারে গড়ে ওঠার পর উড়ি ঘাস, নলখাগড়া, কাশ জন্মায়। এরপর হরগোজা, হোডো, হেঁতাল, গোলপাতা, সামুদ্রিক গর্জন ও ঝান্না। তৃতীয় স্তরে বলা, বাইন ও কেওড়াগাছ। চতুর্থ স্তরে বনের ভূমি পরিণত হলে সেখানে গেওয়া, সুন্দরী ও কাঁকড়া এবং অন্যান্য প্রজাতির গাছ জন্মায়।

শ্বাসমূলীয় বন কী
নোনা ও মিঠা পানির মোহনায় হয় এবং সচরাচর শ্বাসমূলের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নেয় এমন গাছপালা নিয়ে গঠিত শ্বাসমূলীয় বন। সাধারণত নোনা পানিযুক্ত এলাকার মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। ফলে এ ধরনের মাটিতে জন্মানো উদ্ভিদ অক্সিজেন নেওয়ার জন্য তার শ্বাসমূল মাটি ভেদ করে ওপরের দিকে ওঠে। তাই শ্বাসমূলীয় বনের নিচে ঊর্ধ্বমুখী চোখা দণ্ডের মতো শ্বাসমূলগুলো দেখা যায়।
বিশেষ ধরনের এই বৈশিষ্ট্যের কারণে শ্বাসমূলীয় বনের জীববৈচিত্র্য অন্যান্য বনের চেয়ে স্বতন্ত্র হয়ে থাকে। এ বনের উদ্ভিদের মধ্যে নোনা পানি গ্রহণ করে পানিটা রেখে লবণ বের করে দেওয়ার ক্ষমতা থাকে। এই বনে কোনো বৃক্ষ সাধারণত রোপণ করতে হয় না। এরা নদীর পানিতে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে জন্মায়। বনগুলো সমুদ্রের সঙ্গে মূল ভূখণ্ডের একটি সীমানা রক্ষা করে চলে।
অতীত ও বর্তমান
ভারত ও বাংলাদেশ মিলিয়ে বর্তমানে সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার ও ভারতে ৪ হাজার বর্গকিলোমিটার। ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায়, ২ হাজার বছর আগে সুন্দরবনের মোট আয়তন ২৫ হাজার বর্গকিলোমিটার ছিল। একসময় যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল বা পুরোনো বাকেরগঞ্জ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে সুন্দরবন ছিল। কক্সবাজারের চকরিয়া ও নাফ নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ এলাকাজুড়ে শ্বাসমূলীয় বন ছিল। এর বাইরে নোয়াখালী উপকূলজুড়ে শ্বাসমূলীয় বন কৃত্রিমভাবে সৃষ্টি করেছিল বন বিভাগ। বর্তমানে একমাত্র সুন্দরবন ছাড়া বাকি সব বন ধ্বংস হয়ে গেছে।

মানুষ ও জীবন
দেশের উপকূলের প্রায় ৩০ লাখ মানুষ সুন্দরবনের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। গড়ে প্রতিদিন প্রায় ৩ লাখ মানুষ সম্পদ আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করে। একসময় সুন্দরবন থেকে গাছসহ অন্যান্য সব সম্পদ আহরণের অনুমতি দিত বন বিভাগ। ২০০৭ সালের নভেম্বরে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর সরকার সুন্দরবনের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য গোলপাতা ও মধু সংগ্রহ করা, মাছের পোনা ধরা এবং বছরের একটি নির্দিষ্ট সময়ে মাছ ধরার অনুমতি দেয়।
বাংলাদেশের মৎস্য সম্পদ আহরণের স্থানগুলোর মধ্যে সুন্দরবন রয়েছে চতুর্থ স্থানে। এই বন থেকে ধরা পোনা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘেরে চাষ করা হয়, যা থেকে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার মাছ বিদেশে রপ্তানি হয়। সুন্দরবন থেকে বছরে বনজীবীরা প্রায় দেড় হাজার টন কাঁকড়া ও শামুক সংগ্রহ করেন।
দেশের মোট মধুর চাহিদার ৬০ শতাংশই আসে সুন্দরবন থেকে। প্রতিবছর সুন্দরবন থেকে ২২ হাজার ৯০০ মেট্রিক টন মধু ও ৭০ হাজার টন গোলপাতা আহরণ করেন বনজীবীরা।