বিশ্বের শহরাঞ্চলের ৮০ ভাগ মানুষই বায়ুদূষণে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শহরাঞ্চলে বসবাস করা ৮০ শতাংশ মানুষই বায়ুদূষণে আক্রান্ত। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মাত্রার থেকে বেশি বায়ুদূষণ হচ্ছে। স্বল্প আয়ের দেশগুলোতে বায়ুদূষণের মাত্রা বেশি। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এক লাখের বেশি বাসিন্দা আছে, এমন শহরগুলোর ৯৮ ভাগ লোকই বায়ুদূষণের কারণে ঝুঁকিতে আছে।
‘শহরাঞ্চলে বাতাসের দূষণের তথ্যভান্ডার’ শীর্ষক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণায় এ চিত্র উঠে এসেছে। সংস্থাটি ১০৩টি দেশের প্রায় তিন হাজার নগর ও শহরের ওপর এই গবেষণাটি করেছে। গতকাল বৃহস্পতিবার সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে সংস্থাটির যোগাযোগ কর্মকর্তা কিম্বারলি ক্রিসকেডেন বলেন, তাঁরা কোনো ধরনের তুলনা বা অবস্থানক্রম নির্দিষ্ট করেন না। বিশ্বের শহরগুলোর আয়তন, জনসংখ্যার ভিন্নতা এবং পর্যাপ্ত তথ্যের ঘাটতির কারণে তাঁরা কোনো ধরনের তুলনা করেন না।
তবে ১ কোটি ১৪ লাখের বেশি মানুষ বাস করে, এমন বায়ুদূষণকবলিত শহরগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, মিসরের কায়রো ও ঢাকা।
১ কোটি ৪০ লাখ বা এর বেশি লোক বসবাস করে, এমন শহরগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেগাসিটি বা বড় শহর হিসেবে বর্ণনা করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোতে বাতাসের গুণগত মান বিশ্লেষণের জন্য ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ গবেষণা পরিচালিত হয়।
গবেষণায় ঢাকার পাশাপাশি রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর, খুলনা ও নারায়ণগঞ্জকে দূষিত শহর হিসেবে উল্লেখ করা হয়েছে।
বায়ুদূষণ বৃদ্ধির ফলে স্ট্রোক, হৃদ্রোগ, ফুসফুসের ক্যানসার, হাঁপানির মতো রোগের আশঙ্কা বাড়ছে বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।