বুকভরা ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুক ফুলিয়ে স্ত্রী দোয়েলের মন জয় করতে চাইছে পুরুষ দোয়েলটি l ছবি: আদনান আজাদ
বুক ফুলিয়ে স্ত্রী দোয়েলের মন জয় করতে চাইছে পুরুষ দোয়েলটি l ছবি: আদনান আজাদ

বুকভরা ভালোবাসা, কণ্ঠে প্রেমসংগীত এবং দুচোখে প্রিয়াকে কাছে পাওয়ার বাসনা। প্রেমিকার মন রাঙাতে কত রকমই না কসরত ও প্রদর্শনী। সাদা বুকটা একেবারে পোটকা মাছের মতো ফুলিয়ে আর দুই পাখা কাঁপিয়ে ও লেজ দুলিয়ে কত রকমই না নৃত্যভঙ্গিমা! মন জয় করতে প্রেমিকার পাশে গিয়ে বসা। এত কিছু করেও সহজে মেলে না মন। প্রতিদ্বন্দ্বী আছে আরও দুজন, তারাও বুক ফুলিয়ে পোটকা মাছ, গান ও সুরেলা শিস বাজিয়ে প্রেমিকার মন জয় করতে চাইছে। প্রেমিক তিনজন পরস্পরকে ধাওয়া করছে, চলছে পাল্টাপাল্টি ধাওয়া। প্রেমিকা কিন্তু ঢুলুঢুলু চোখে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কোন রাজপুত্র বেশি সুন্দর ও নৃত্যসংগীতে পারদর্শী, কার বুকটা বেশি ফুলেছে, তাকেই বেছে নেবে সে, গলায় পরিয়ে দেবে মালা; সেই বহুকাল আগের স্বয়ংবর সভার মতো।
প্রেমিক প্রতিদ্বন্দ্বীরা পাল্টাপাল্টি ধাওয়া করে বটে, লড়াই হয় না। যাকে পছন্দ করে রাজকন্যা, তাকে পাশে বসতে দেয় অথবা উড়ে গিয়ে বসে তার পাশে। যার পাশে বসে, সে তখন গলা খুলে গান গায়, শূন্যে পাখা মেলে ঘুরে আসে দু-চার পাক। তারপরে দিন কয়েক ম ম প্রেম। বাসা বাঁধার জায়গা নির্বাচন ও বাসা বাঁধা। তারপরে ডিম-বাচ্চা।
এতক্ষণ ছবির এই পুরুষ দোয়েলটির কথাই বলছিলাম। দোয়েলের প্রেম ও জুটি নির্বাচনের ব্যাপারগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ আমি পেয়েছি। ঢাকা শহরের ব্যস্ততম মতিঝিল থেকে শুরু করে এমন কোনো পাড়া-মহল্লা নেই, যেখানে দোয়েল নেই। ভোরবেলায় মসজিদের মিনার বা সুউচ্চ ভবনের কার্নিশে বসে দরদভরা কণ্ঠে একটানা গান গায়। বুকভরা আবেগ এদের, কণ্ঠভরা গান ও সুরেলা শিস। দোয়েলের নাম এলেই এসে পড়ে শ্যামার নাম। জাতভাই এরা। শ্যামার সুরেলা শিসও মনভোলানো।
আমাদের জাতীয় পাখি দোয়েল। অতিপরিচিত এই পাখিটি প্রায় দুই যুগ ধরে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের শিকারিদের টার্গেটে পরিণত হয়েছে। এটা বড় সর্বনাশা প্রবণতা।
হেমন্ত ও শীতে পুরুষ দোয়েল রাতে পালক ফুলিয়ে আর শরীর গোলগাল করে ঘুমায়, ঘাড় কাত করে ঠোঁটটি রাখে পিঠের পালকে গুঁজে। সে বড় সুন্দর দৃশ্য। পুরুষ দোয়েল খুব সুন্দর, মেয়েটি নিষ্প্রভ। সে গানও তেমন গায় না। সংসার করতে গিয়েই সে গলদঘর্ম হয়, গান করার সময় কোথায় তার!
বাসার আশপাশে কাক, চিল, বেজি, বিড়াল, কুকুর বা মানুষ এলে চরম সাহসে আর কর্কশ চিৎকার দিয়ে পুরুষটি খাড়া ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে তিরবেগে নেমে এসে আঘাত করে। সে-ও এক তাজ্জব দৃশ্য। পুরুষটির দুচোখে তখন রোষ ও সাহস জ্বলে।
দোয়েলের ইংরেজি নাম Oriental Magpie Robin. বৈজ্ঞানিক নাম Copsychus Saularis. দৈর্ঘ্য ২০ সেমি। ওজন ৪০ গ্রাম।
মূল খাদ্য এদের পোকামাকড়, টিকটিকি, কেঁচো ইত্যাদি। কোটর-ফোকরে বাসা করে। ডিম দেয় তিন থেকে পাঁচটি। ফোটে ১২ থেকে ১৫ দিনে।