বুলবুলি ও ভুবনচিলের ভালোবাসার ডেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের সোনাপুর এলাকায় বন্য প্রাণী গবেষক তানিয়া খানের বাসায় ভুবনচিল ও বুলবুলির ছানা l ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের সোনাপুর এলাকায় বন্য প্রাণী গবেষক তানিয়া খানের বাসায় ভুবনচিল ও বুলবুলির ছানা l ছবি: প্রথম আলো

আর দশটা প্রয়োজনীয় বিষয়ের মতো বুলবুলির একটি ছানা ও একটি ভুবনচিল সংসারের অংশ হয়ে আছে বন্য প্রাণী গবেষক তানিয়া খানের বাসায়। সেই ঘুম ভাঙার মুহূর্ত থেকে রাত অবধি প্রাণী দুটির ভালোমন্দ দেখাশোনা, খাবার সংগ্রহ ও খাওয়ানো এবং শারীরিক অবস্থার পর্যবেক্ষণ ও সেবা-শুশ্রূষা চলছে। যেভাবে কোনো মা তাঁর সন্তানের পরিচর্যায় লেগে থাকেন, প্রায় সে রকমই।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, ১ জুন ঝড়বৃষ্টিতে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার একটি গাছের বাসা থেকে বুলবুলির দুটি ছানা পড়ে যায়। একটি ঘটনাস্থলেই মারা যায়। জীবিত ছানাটিকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তি নিয়ে আসেন বন্য প্রাণী গবেষক ও বন্য প্রাণী সংরক্ষণের জন্য প্রতিষ্ঠিত সোলের (সেভ আওয়ার আনপ্রটেক্টেড লাইফ) পরিচালক তানিয়া খানের কাছে। তখন বুলবুলির ছানাটির বয়স এক বা দুদিন। লোম ওঠেনি। তানিয়া খান গাছের শুকনো লতাপাতা দিয়ে বাসা বুনে তাতে ছানাটি রাখার ব্যবস্থা করেন। এতে ছানাটি প্রাকৃতিক বাসার আবহ পেয়ে যায়। প্রথম দিন একটু ভাত টিপে খাইয়েছেন। এরপর থেকে বাসার আশপাশ থেকে ধরে আনছেন ঘাসফড়িং, আর ২০-২৫ মিনিট পরপর সেই ফড়িং মুখে তুলে দিচ্ছেন।

তানিয়া খান প্রথম আলোকে বলেন, প্রথমে বাচ্চাটি মনে করত, তার মা মুখে খাবার তুলে দিচ্ছে। খাবার সামনে নিলে ওপর দিকে মাথা তুলে হাঁ করত। মা যে রকম মুখের ভেতর খাবার ঠেলে দেয়। সে রকমই মুখের ভেতর খাবার দিতাম। এখন নিজে খুঁটে খেতে পারে। তবে প্রাকৃতিক পরিবেশে খেতে আরেকটু সময় লাগবে। মায়ের সঙ্গে থাকলে হয়তো এত দিনে সবকিছু তার স্বাভাবিক হয়ে যেত। ছানাটি যখন চঞ্চল হয়ে লাফালাফি করে, পালক নাড়ায়, মনটা ভরে যায়।

তানিয়া খান জানান, এখন ঘাসফড়িং থালার মধ্যে ছানাটির সামনে রাখলে, সে সেটা মুখে পুরে নিচ্ছে। এ ছাড়া এত দিনে অনেকটাই পালক গজিয়েছে। কৃত্রিম বনের আবহ তৈরি করা গাছের ডালে খাবার খোঁজার চেষ্টা করছে। ডালে এখানে–ওখানে উড়ে বসছে। দুটি ডানা মেলে গা-ঝাড়া দিচ্ছে। এ পর্যন্ত বুলবুলির ছানাটির কোনো শারীরিক সমস্যা হয়নি। সারা দিনই ফুরফুরে মেজাজে আছে। রাতের বেলা ডালের মধ্যে ঘুমিয়ে থাকে।

মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কের একটি রিকশা মেরামতের কারখানা থেকে ১১ জুন ভুবনচিলকে উদ্ধার করে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এটিকেও তানিয়া খানের তত্ত্বাবধানে দেওয়া হয়। মাস দুয়েক আগে মনু নদের পাড় থেকে আহত অবস্থায় ভুবনচিলকে কারখানার মালিক নিয়ে আসেন। তারপর ওই কারখানা মালিকের খাঁচাতেই ছিল। ভুবনচিলটির লেজে ও ডানায় কিছুটা সমস্যা আছে। হয়তো ঝড়ের কবলে পড়ে আহত হয়।

তানিয়া খান বলেন, ‘পাঁচমিশালি মাছ ও মাংস খেতে দিচ্ছি ভুবনচিলকে। মোটামুটি ভালো আছে। ওড়ার জন্য ছটফট করছে। আরেকটু সুস্থ হলেই ছেড়ে দেব। ভুবনচিলটির বেশ বয়স আছে। বুলবুলি ও ভুবনচিল—এ দুটি পাখিই আমাদের একেবারে ঘরের পাখি। কমবেশি সারা দেশেই আছে। এখনো বিপজ্জনক পর্যায়ে যায়নি।’

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বর্ষিজোড়া ইকোপার্কের বিট কর্মকর্তা মোনায়েম হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুটি পাখিই এখন মোটামুটি ভালো আছে। ছাড়ার অপেক্ষায় আছি। ভালো আবহাওয়ার দিনে পাখি দুটিকে অবমুক্ত করে দেওয়া হবে।’