বৃষ্টি ও জলাবদ্ধতায় আবারও দুর্ভোগ

হাজারীবাগের গণকটুলী সিটি কলোনির ৩ নম্বর পুরোনো ভবনের নিচতলায় নিজের ঘর থেকে সেঁচে পানি বাইরে ফেলছিলেন রমনী রানী (৫০)। বৃষ্টিতে সামনের পথ ডুবে ঘরেও পানি ঢুকেছে। পানিতে বেশ কিছু জিনিস ভিজে গেছে। এ জন্য ক্ষুব্ধ রমনী রানী।
ওই ভবনের নিচতলার সব ঘরেই পানি ঢুকেছে। সেসব ঘরের বাসিন্দারাও পানি সেঁচে বের করছিলেন। গতকাল বুধবার সকালে সেখানে ছিল এই চিত্র।

গত মঙ্গলবারের পর গতকালও বৃষ্টিতে নগরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল দুপুর পর্যন্ত রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিভিন্ন স্থানে ওয়াসার উন্নয়নকাজ চলার কারণে রাস্তা কাটা হয়েছে। ওই সব এলাকার গর্তগুলোতেও কাদাপানি জমে আছে। ঢাকা ওয়াসার এক কর্মকর্তা বলেছেন, টানা বৃষ্টিতে তাঁদের কাজ ব্যাহত হচ্ছে।
হাজারীবাগ এলাকায় সকালে গিয়ে দেখা যায়, বিভিন্ন সড়কে পানি জমেছে। নিচু এলাকার দোকানপাটে ঢুকেছে পানি। সকাল নয়টার দিকে মনেশ্বর প্রথম লেনে গিয়ে দেখা গেছে, হাঁটুপানি মাড়িয়ে মানুষ পথ চলছে।

পশ্চিম রাজাবাজারে দুপুর ১২টার দিকে দেখা যায়, অনেক বাড়ির নিচতলায় পানি ঢুকেছে। কোনো কোনো বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংকে ওই ময়লা পানি ঢুকে গেছে। ওই এলাকার বাসিন্দা আমিনুর ইসলাম বলেন, রিজার্ভ ট্যাংকে ময়লা পানি ঢুকে পড়ায় পানি খাওয়া যাচ্ছে না।
পল্লবীর প্রায় প্রতিটি অলিগলিতে পানি জমে ছিল। রাস্তাগুলো ভাঙাচোরা হওয়ায় মানুষের দুর্ভোগ হয়েছে বেশি। মিরপুর ১০, ১১ নম্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়ার ভেতরের রাস্তায় পানি জমেছে। গ্রিন রোডে সকালে কিছু পানি জমলেও পরে নেমে যায়। কিন্তু রাস্তায় আবর্জনা ছড়িয়ে পড়ে। কাঁঠালবাগান, সেন্ট্রাল রোডে ওয়াসার সংস্কারকাজের জন্য কাটা রাস্তায় কাদা পানি জমে ছিল। ফলে পথচারীদের রাস্তা পারাপারে ভোগান্তির শিকার হতে হয়।

শান্তিনগর, মালিবাগ, নাজিমুদ্দিন রোড ও আগারগাঁওসহ বিভিন্ন সড়কেও বৃষ্টির পানি জমে। ধানমন্ডি হকার্স মার্কেট, নিউমার্কেট ও চাঁদনী চকেও পানি জমে থাকতে দেখা গেছে। হকার্স মার্কেটের ভেতরে পানি। পানি মাড়িয়ে তেমন কেউ কেনাকাটা করতে যাননি। ফলে দোকানিদের কেটেছে অলস সময়। বৃষ্টি ও জলাবদ্ধতায় বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ। সকালে কর্মজীবী মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বৃষ্টি আর জলাবদ্ধতায় যানবাহনের অভাবে।