বৃষ্টি ও জোয়ারে তলিয়ে গেছে ভবদহ অঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসতঘর ডুবে যাওয়ায় সড়কের ওপর টংঘর বেঁধে আশ্রয় নিয়েছে একটি পরিবার। সেটিও ভেসে যাওয়ার অবস্থা। যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের আলতাপোল থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
বসতঘর ডুবে যাওয়ায় সড়কের ওপর টংঘর বেঁধে আশ্রয় নিয়েছে একটি পরিবার। সেটিও ভেসে যাওয়ার অবস্থা। যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুরের আলতাপোল থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

ভারী বৃষ্টিপাত ও জোয়ারের কারণে পানিতে তলিয়ে গেছে যশোরের পুরো ভবদহ অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার ২৭টি ইউনিয়নের অন্তত তিন লাখ মানুষ। এ ছাড়া খুলনায়ও বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ১০ হাজারের বেশি মানুষ।
যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগরসহ বাকি প্লাবিত এলাকাগুলোয় ৬৪ হাজার ৭০০ হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। মাছের ঘের ও পুকুর ভেসে গিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৪২ কোটি টাকার। তবে এই তিন উপজেলার মধ্যে কেশবপুরের অবস্থা সবচেয়ে খারাপ। এই উপজেলার কেশবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৯ ও ১০ আগস্টের ভারী বৃষ্টিতে এই অঞ্চলের বেশির ভাগ অংশ তলিয়ে যায়। আর বাকি অংশ প্লাবিত হয় গত শনিবার, রোববার ও গতকাল সোমবার সকালের ভারী বৃষ্টিপাতে। শুধু গত রোববার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ভবদহ অঞ্চলের নদীগুলোয় গতকাল বিপৎসীমার ৩ দশমিক ৫৮ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
সরেজমিনে কেশবপুরের বিভিন্ন এলাকায় দেখা যায়, কেশবপুর পৌরসভা ও কেশবপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রাম পানির নিচে। সবচেয়ে খারাপ অবস্থা মধ্যকুল, হাবাসপোল, দোরমুঠিয়া, আলতাপোল, ভোগতী ও সাবদিয়া বায়সা এলাকায়। এ ছাড়া উপজেলা ভূমি অফিস, কেশবপুর থানা, ওয়াপদা, পল্লী বিদ্যুতের সাব-স্টেশন, টেলিফোন এক্সচেঞ্জ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। যশোর-সাতক্ষীরা সড়কের চিনাটোলা বাজার থেকে তেইশ মাইল পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা দু-তিন ফুট পানির নিচে। ফলে এই সড়কে যান চলাচল একপ্রকার বন্ধই হয়ে গেছে।
কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার প্রথম আলোকে বলেন, কেশবপুরে ১৪ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ৮১ জন আশ্রয় নিয়েছে।
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল আশরেকীন বলেন, ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় পাঠদান বন্ধ হয়ে গেছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, ৬২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে গেছে। এগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।
কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির বলেন, আশ্রয়কেন্দ্রগুলোয় ওঠা মানুষদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বরাদ্দ পাওয়া ৩৯ মেট্রিক টন চাল এবং ৪০ হাজার টাকা বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান বলেন, পানি ওঠায় এই উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রী নদীর ওপর নির্মিত ভবদহ স্লুইসগেট দিয়ে ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশিত হয়। কিন্তু পলি পড়ে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্যতা হারিয়েছে। এই অবস্থায় অব্যাহত বৃষ্টির কারণে এলাকার বিলগুলো প্লাবিত হয়েছে এবং বিল উপচে পানি ঢুকে পড়েছে সংলগ্ন এলাকাগুলোয়।
এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী প্রথম আলোকে বলেন, ‘ভবদহ স্লুইসগেট থেকে মনিরামপুরের হরি নদীর কপালিয়া সেতু পর্যন্ত ১০ ফুট চওড়া ৫ কিলোমিটারের একটি লিংক চ্যানেল খনন করে পানি সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এটি কার্যকর কোনো ব্যবস্থা নয়। স্থায়ী সমাধানের জন্য ভবদহের বিল কপালিয়ায় পরিকল্পিত জোয়ারাধার (টিআরএম) চালু করতে হবে।
প্রবীর কুমার গোস্বামী আরও বলেন, কেশবপুরের হরিহর-আপার ভদ্রা-ভদ্রা নদীর জলাবদ্ধতা নিরসনে আপত্কালীন পাইলট চ্যানেল খননের জন্য জরুরি দরপত্র আহ্বানের অনুমতি চেয়ে গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।
যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, জলাবদ্ধতার কারণে জেলায় দুই হাজারের বেশি পরিবার ঘরছাড়া হয়েছে, যার মধ্যে সাত শ পরিবার রাস্তায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেশবপুরের পানিনিষ্কাশনের জন্য হরিহর নদে খুব দ্রুত খননের ব্যবস্থা করা হবে।
মনিরামপুর উপজেলায় জলাবদ্ধতার শিকার ১৩টি ইউনিয়নকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলা পরিষদের সামনে গতকাল দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।
এদিকে, ভারী বৃষ্টির কারণে খুলনায়ও নগরের অনেক নিম্নাঞ্চল এখন পানির নিচে। গতকাল দুপুর থেকে বৃষ্টি বন্ধ হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ বলেন, রোববার ভোর ছয়টা থেকে গতকাল ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল ভোর ছয়টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রেকর্ড করা হয়েছে আরও ১৪ মিলিমিটার বৃষ্টিপাত।
সরেজমিনে দেখা যায়, নগরের প্রধান প্রধান সড়ক থেকে পানি নামলেও বাস্তুহারা এলাকা জলমগ্ন। পুলিশ লাইনস থেকে আবু নাসের হাসপাতাল পর্যন্ত সড়ক, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে হাঁটুপানি।
খুলনা সিটি করপোরেশনের সংরক্ষণ কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, বাস্তুহারা এলাকার পানি ওই এলাকার একটি খাল দিয়ে ঘুরে ক্ষুদের খালে গিয়ে পড়ে। কিন্তু ভারী বৃষ্টিপাত ও জোয়ারের কারণে নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। ফলে পানি নামতে পারছে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববারের বৃষ্টিতে কয়রা উপজেলায় পাঁচ শতাধিক ঘের ও পুকুর তলিয়ে গেছে। এ ছাড়া ডুমুরিয়ায় ১ হাজার, পাইকগাছায় ২ হাজার, দিঘলিয়ায় ৩ শতাধিক, দাকোপে ৫০টি, রূপসায় ৫০০ এবং তেরখাদায় শতাধিক ঘের তলিয়ে গেছে। সেই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে পানি উঠে গেছে।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, পানির চাপের কারণে দাকোপের একটি বেড়িবাঁধ ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। সার্বিক পরিস্থিতি জেলা প্রশাসকের দপ্তর থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন যশোর ও খুলনা অফিস এবং যশোর ও কেশবপুর প্রতিনিধি}