বৃষ্টি ও নদ-নদীর পানি বাড়ছে
চলতি জুলাই মাসের শুরুতেই বন্যা, বৃষ্টিপাত শুরু হয়েছে। পাহাড়ধসে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা ও সিলেটে আবারও ভারী বৃষ্টি হচ্ছে। আবারও পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে।
উজান থেকে পানি আসা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার নদ-নদীর পানি বেড়েছে। সিলেটে বন্যা দেখা দিয়েছে, উত্তরাঞ্চলের নদীগুলোর পানি একযোগে বাড়ছে। এভাবে চলতে থাকলে সেখানেও আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা শুরু হতে পারে বলে মনে করছেন বন্যা পূর্বাভাস কেন্দ্রের প্রকৌশলীরা।
আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবারও সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া রংপুর ও ময়মনসিংহ বিভাগেও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল বেলা তিনটা পর্যন্ত দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৫৩টির পানি বেড়েছে। চারটি কেন্দ্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে চলেছে। দুটির পানি অপরিবর্তিত রয়েছে।