বৃষ্টি কম হওয়ায় আবার গরম পড়ছে
কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি হচ্ছে অল্পস্বল্প। ঘণ্টা খানেকের বৃষ্টিতে তাপমাত্রা খানিকটা কমছে। কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পর আবার গরম পড়ছে।
অন্যদিকে খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে একেবারেই বৃষ্টি নেই। এসব অঞ্চলজুড়ে প্রায় দু সপ্তাহ ধরে বইছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়াবিদেরা বলছেন, এ সময় বৃষ্টি না হলেই গরম বাড়বে। তবে অল্পস্বল্প বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আছেন বাংলাদেশের মানুষ। মৌসুমি বায়ু বাংলাদেশের কাছাকাছি চলে আসায় ভারতের মতো খরতাপে পুড়তে হবে না এবার।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইট থেকে জানা যায়, গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল খুলনায়, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে তাপমাত্রা ৩৭ দশমিক ২, সিলেটে ৩০ দশমিক ৮, বরিশালে ৩৫ দশমিক ৭, চট্টগ্রামে ৩৪ দশমিক ৬ ও রংপুরে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৯৯ মিলিমিটার। এরপর সৈয়দপুরে ৮১, সিলেটে ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, বৃষ্টি না হলে গরম বাড়ে। আকাশে মেঘ থাকলেও ভ্যাপসা গরম লাগে। এ বছর কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হওয়ায় ভারতের মতো তীব্র গরম পড়েনি। মৌসুমি বায়ু ৭ থেকে ১০ জুনের মধ্যে বাংলাদেশ উপকূল পর্যন্ত চলে এলে বর্ষাকাল শুরু হবে। তাই এবার তাপমাত্রা আর বাড়বে না।