বৃষ্টি ঝরিয়ে মিলিয়ে যাচ্ছে 'কোমেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরের দু-একটি অঞ্চল ছাড়া দেশের প্রায় সর্বত্র মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝরাতে ঝরাতে মিলিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘কোমেন’। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। ঢাকাসহ দেশের অনেক অঞ্চলে আজ রোববারও বৃষ্টি হবে। তবে ঢাকায় আজ দুপুরের পর থেকে বৃষ্টি কমতে পারে।
আবহাওয়া অফিসের রাডারের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল সন্ধ্যায় ‘কোমেন’-এর অবস্থান ছিল খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর। ক্রমশ দুর্বল হয়ে আসা স্থল নিম্নচাপটির গতি তখনো ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিমে। এর প্রভাবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত যেমন হয়েছে, তেমনি উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গোপসাগরের ওই অঞ্চল, তার সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং চারটি সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে গতকালও।
এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরকেই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছিল, যা গতকাল রাত পর্যন্ত বহাল রাখা হয়েছে। গতকাল রাতে অধিদপ্তরে কর্তব্যরত আবহাওয়াবিদেরা বলেছেন, আজও দিনের প্রথম ভাগে সমুদ্রবন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকতে পারে।
৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতের অর্থ হচ্ছে, সমুদ্রবন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
গত রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় আজও দিনের প্রথম ভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আজ খুলনা ও উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।