অসুস্থ বোনকে নিয়ে রাঙ্গুনিয়া থেকে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে আসেন গৃহিণী পাপড়ি আক্তার। তাঁরা যাবেন মা ও শিশু হাসপাতালে। আগ্রাবাদ থেকে হাসপাতালের উদ্দেশে রিকশা নিয়ে আধা কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর দেখতে পান সড়ক পানিতে ডুবে আছে। হাসপাতালে পৌঁছার পর দেখেন ভবনের নিচতলা পানিতে থইথই করছে। তাঁরা যে চিকিৎসকের কাছে এসেছেন, তিনিও নেই। পরে দুই বোন হাঁটুপানি মাড়িয়ে হাসপাতাল থেকে চলে যান।
গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালের নিচতলা ও সামনের সড়ক পানিতে ডুবে ছিল। এর আগে দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, নিচতলার জরুরি বিভাগ, বহির্বিভাগ, টিকিট কাউন্টার, ক্যাশ কাউন্টার, পরিচালকের কক্ষ, দর্শনার্থীদের বসার কক্ষে হাঁটুসম পানি জমে আছে। এর মধ্যেই রোগীরা আসছেন। আবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন কেউ কেউ। এমনকি অসুস্থ অনেক রোগী নিয়ে রিকশা ও ভ্যান দর্শনার্থীদের কক্ষে ঢুকতে দেখা গেছে।
মানুষের দুর্ভোগ হলেও আশার কথা শোনাতে পারেননি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল দুপুরে আন্দরকিল্লায় নগর ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, এই বর্ষায় নগরবাসীর কিছুটা কষ্ট হবে। তবে আগামী মৌসুমে নগরের অনেক এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করা হবে।
মঙ্গলবার গভীর রাতের ভারী বর্ষণে গতকাল ভোরেই ডুবে যায় নগরের চান্দগাঁও, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, আগ্রাবাদ অ্যাকসেস সড়ক, বেপারীপাড়া, হাজিপাড়া, দুই নম্বর গেট, মেয়র গলি, ষোলশহর, মুরাদপুর, প্রবর্তক মোড়, কাপাসগোলা, চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া, পাথরঘাটাসহ অন্তত ২৫টি এলাকা। পানি ঢোকে এসব এলাকার অনেক বাসাবাড়ির নিচতলায়।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার সকাল নয়টা থেকে গতকাল সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরে ২২৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানার পর রাতে বৃষ্টি শুরু হয়। প্রায় বিরামহীনভাবে বুধবার ভোর পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
জলাবদ্ধতার কারণে গতকাল সকালে অনেকে নির্ধারিত সময়ে কর্মস্থলে যেতে পারেননি। এ ছাড়া বিভিন্ন সড়কে যানবাহন কম থাকায় দুর্ভোগে পড়েন ঘর থেকে বের হওয়া লোকজন।
মা ও শিশু হাসপাতালের পরিচালক মো. নুরুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত আড়াইটা থেকেই হাসপাতালে পানি ঢুকে। এখনো পানি রয়ে গেছে। নিচতলায় বিভিন্ন ওয়ার্ডে থাকা ৭৩ জন রোগীকে মঙ্গলবার রাতে পানি ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি ছিল হাসপাতালের পাশের সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ অ্যাকসেস রোড, বাকলিয়ার কিছু অংশ ও হালিশহর আবাসিক এলাকায়। কিছু কিছু এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা জলাবদ্ধ ছিল। এসব এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ ছিল না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রথম আলোকে বলেন, আগ্রাবাদ ও বাকলিয়া এলাকায় অনেক বাসাবাড়ির নিচতলা পানিতে ডুবে গেছে। ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১২ নম্বর সড়কের বাসিন্দা ব্যবসায়ী খায়রুল আলম গতকাল বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘এখনো বাসার নিচে পানি জমে আছে। এ রকম অবস্থা আর কখনো হয়নি। স্ত্রী-সন্তান নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের হতে পারিনি।’
নগরের ডিসি রোড এলাকার বাসিন্দা চাকরিজীবী মিজানুর রহমান জানান, সড়কে পানি জমে থাকার কারণে বাচ্চাদের নিয়ে তিনি স্কুলে যেতে পারেননি। আগ্রাবাদ অ্যাকসেস সড়কে বেলা দুইটার দিকেও হাঁটুসম পানি দেখা গেছে। ওই সড়কে বাস, কারসহ যান চলাচল কার্যত বন্ধ ছিল। এই সুযোগে রিকশা ও ভ্যানচালকেরা স্বাভাবিকের চেয়ে দুই-তিন গুণ ভাড়া আদায় করেন। অ্যাকসেস রোড এলাকার দোকানি মো. হারুন বলেন, রাতে গলাসম পানি ছিল। সকালে বৃষ্টি থামায় পানি কিছুটা কমেছে। অ্যাকসেস রোডসংলগ্ন বেপারীপাড়ার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতার কারণে তাঁর দোকানে পানি ঢুকেছে।
নগরের বন্দর রিপাবলিক ক্লাবের সামনে মহেশখালের ওপর দেওয়া অস্থায়ী বাঁধের কারণে আগ্রাবাদ ও হালিশহর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। বাঁধের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে আজ বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সিটি করপোরেশনের বৈঠক হবে বলে জানান তিনি।