মাঝারি মাত্রার বর্ষণে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি থামার এক ঘণ্টা পরও নগরের কয়েকটি স্থান হাঁটুসমান পানিতে ডুবে ছিল। এ সময় নগরের বিভিন্ন স্থানে যানজটও দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে।
পতেঙ্গা আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৫৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তার মধ্যে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৭ দশমিক ৪ মিলিমিটার।
বেলা তিনটার দিকে শুরু হওয়া বৃষ্টিতে ১৫ মিনিটের মধ্যেই নগরের প্রবর্তক মোড়, ষোলোশহর দুই নম্বর গেট, মুরাদপুর, চান্দগাঁও, কমার্স কলেজ রোড, আগ্রাবাদ এক্সেস সড়ক, হালিশহর ও বাকলিয়ার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। হালকা থেকে মাঝারি মাত্রার এই বৃষ্টি থেমে থেমে সাড়ে পাঁচটা পর্যন্ত অব্যাহত ছিল। পাঁচটার দিকে বৃষ্টি থামলেও পানি সঙ্গে সঙ্গে নামেনি। খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পানি নেমে যায়।
ষোলোশহর ও মুরাদপুর এলাকায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি ছিল। এ সময় যানজট দেখা দেয়। সড়কের দুই পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিল বিভিন্ন যানবাহন। একই অবস্থা দেখা গেছে নগরের প্রবর্তক মোড় এলাকায়ও।
সরেজমিনে দেখা যায়, হাঁটুসমান পানি ওঠার কারণে নগরের মুরাদপুর ও দুই নম্বর গেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় পানির মধ্যে। এ সময় ভ্যান কিংবা রিকশায় করে লোকজনকে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করতে দেখা যায়।
মুরাদপুর এলাকায় আটকে থাকা প্রাইভেট কারের চালক মো. তারেক বলেন, ‘আমি প্রায় এক ঘণ্টা ধরে আটকে আছি। পানি নামে না।’
গতকালের বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় স্কুলশিক্ষার্থীদের। বজ্রসহ বৃষ্টিপাতের কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে। নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি ফিরতে দেখা যায়।
ষোলোশহর এলাকায় হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায় স্কুলশিক্ষার্থীসহ সাধারণ মানুষকে।
বৃষ্টিতে বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশমুখের সড়ক পানিতে তলিয়ে যায়।
প্রবর্তক, বাকলিয়া, হালিশহরসহ আরও কয়েকটি জায়গার পানি নামতেও দেরি হয়।
বৃষ্টি থেমে যাওয়ার এক ঘণ্টা পরও ষোলোশহর ও মুরাদপুর এলাকা থেকে পানি নামছে না কেন—জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ বলেন, ষোলোশহর ও মুরাদপুরে ওয়াসার খোঁড়াখুঁড়ি এবং উড়ালসড়ক নির্মাণকাজের জিনিসপত্র রাখার কারণে কিছু নালার মুখ বন্ধ হয়ে যায়। এ কারণে পানি দ্রুত নামতে পারেনি। তাঁরা সমস্যাগুলো চিহ্নিত করে বর্ষার আগেই সমাধানের উদ্যোগ নিচ্ছেন।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা আবদুল হান্নান বলেন, আগামীকাল (আজ বুধবার) সকালেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট ছোট নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।