বৃষ্টি পিছু ছাড়ছে না রাজধানীবাসীর, আজও হতে পারে
বর্ষা বিদায় নিলেও বৃষ্টি পিছু ছাড়ছে না রাজধানীবাসীর। তিন-চার দিন পরপর রাজধানীসহ দেশের অনেক এলাকাতেই থেমে থেমে বৃষ্টি নামছে। শরৎকালের আকাশ সাদা মেঘের বদলে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে কালো মেঘে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে আকাশের গোমড়া মুখ দেখে অনেকের ঘনঘোর বরিষার কথা মনে পড়ে যায়। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের কারণে চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিম্নচাপের কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ছিল ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানকারী নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।
আকাশ মেঘলা থাকায় আজ দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে বিশেষ করে রাতে শীত শীত অনুভূতি হতে পারে। পুরো শীত নামতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর পরীক্ষামূলকভাবে চার ধরনের পূর্বাভাস দেওয়া শুরু করেছে। প্রতি পূর্বাভাসেই আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মূলত এই বৃষ্টিপাত শুরু হয়েছে।