বৃষ্টি হবে আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋতুচক্রের স্বাভাবিক পালাবদলে এ সময় বর্ষা বিদায় নেওয়ার কথা। আমনের আবাদ শেষ করে কৃষকের ব্যস্ত হয়ে পড়ার কথা রবিশস্যের পরিচর্যায়। কিন্তু কয়েক দিন ধরে বর্ষা যেন একেবারে জেঁকে বসেছে। মনে হয় যেন শ্রাবণই এখনো শেষ হয়নি। অথচ শরৎ এসে গেছে।

বৃষ্টি শরতেও হয়। তবে একযোগে সারা দেশে সাধারণত হয় না। হঠাৎ এখানে-সেখানে এক পশলা ঝরে পড়ে। সে বৃষ্টির ধরন দেখে বোঝা যায় যে এ তার বিদায়ের প্রস্তুতি। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টি শরতের সেই স্বাভাবিক বৃষ্টি নয়।

এ বৃষ্টির কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয় দুই দিন আগে। তারপর সেটি ভারতের ওডিশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছিল। তার প্রভাবেই সারা বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বৃষ্টিপাত।

গতকাল রোববার রাতে আবহাওয়া অফিসে কর্তব্যরত একজন আবহাওয়াবিদ বলেন, সঞ্চরণশীল লঘুচাপটি সাগর থেকে পশ্চিমবঙ্গের স্থলভাগে উঠেছে। তাই এটির আর শক্তিশালী হওয়ার আশঙ্কা নেই। তবে এটি সম্পূর্ণ মিলিয়ে যেতে যেতে আরও কিছু বৃষ্টি ঝরাবে। তাই ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র আজও বৃষ্টি হবে। এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। দেশের মধ্যাঞ্চলের কোথাও কোথাও এবং দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে আরও দুই-এক দিন। আবহাওয়া অফিস  সতর্ক করে দিয়ে বলেছে, বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেটে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

বর্ষা বিদায়ের সময়ের এই টানা বর্ষণে শুধু যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তা নয়। দেশের কৃষিতে এর বিরূপ প্রতিক্রিয়াও কম নয়। যেসব এলাকায় কৃষক আগাম আমন লাগিয়েছেন সেখানে এখন ধানে পরাগায়ন হওয়ার কথা। এই বৃষ্টি ওই সব এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করবে। এ ছাড়া, রবিশস্যের জন্যও এই বৃষ্টি বিশেষ ক্ষতির কারণ হবে। শীতকালীন শাকসবজির খেত সম্পূর্ণ নষ্ট করে দেবে এই বৃষ্টি। বৃষ্টির পর কৃষককে আবার নতুন করে রবিশস্য বুনতে হবে। তাতে কৃষকের যেমন লোকসান, তেমনি বাজারে শীতকালীন শাকসবজির আগমন বিলম্বিত হবে।