বৃষ্টি কমতে পারে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে আজ বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর চিত্র। ছবি: আবদুস সালাম
বৃষ্টিতে আজ বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর চিত্র। ছবি: আবদুস সালাম

তিন দিন ধরে প্রায় সারা দিনই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা আর যানজটে নাকাল রাজধানীবাসী। তবে একটি সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য, কাল বৃহস্পতিবার বৃষ্টি কমে যেতে পারে। এর লক্ষণ দেখা যেতে পারে আজ বুধবার দুপুরের পর থেকে।

এদিকে আজ সকাল থেকে দেশের সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্কসংকেত সরিয়ে নিতে বলা হয়েছে। ১৮ জুলাই থেকে এই সংকেত দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। ৩ নম্বরের বদলে এখন শুধু নৌবন্দরগুলোতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। এ ছাড়া গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে—৭৮ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৭৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৬, সিলেটে ১২, রাজশাহীতে ৪২, রংপুরে ২৭, বরিশালে ৬৪ ও খুলনায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ।