বৃষ্টি হবে কালও
সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল থেকে। থাকবে আগামীকাল পর্যন্ত। ঢাকার আকাশ সকাল ১১টা থেকেই মেঘে ছেয়ে যায়। নেমে আসে অন্ধকার। এরপর শুরু হয় বৃষ্টি, সঙ্গে মৃদু বাতাস।
আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতে দেশের প্রতিটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ও ভারী বর্ষণ হতে পারে।
গতকাল রোববার বিকেল থেকেই দেশে তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যা থেকেই ঢাকাসহ কয়েকটি বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হয়। তবে গতরাতে একেবারেই বৃষ্টি হয়নি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে—কুড়িগ্রামের রাজারহাটে ৬১ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ও রংপুরে ৫২ মিলিমিটার। এ ছাড়া ঢাকা বিভাগের মধ্যে রাজধানীতে ২৫ মিলিমিটার, ফরিদপুরে ১৫ মিলিমিটার ও টাঙ্গাইলে বৃষ্টি হয় ২ মিলিমিটার। কিছুটা বৃষ্টি হয়েছে সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগেও।
অন্যদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশের চাঁদপুর, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার ও খুলনা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। সারা দেশে আজকের তাপমাত্রা দিনে ও রাতে ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আজ ও আগামীকাল থাকবে। এরপর আবার তাপমাত্রা বাড়বে। যদিও সেটা বেশি দিন থাকবে না। দেশে বাতাসের প্রবাহ আস্তে আস্তে বাড়তে থাকবে, হবে বৃষ্টিও।’ তীব্র দাবদাহের পর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের তাপমাত্রা মাঝে কমেছিল। এরপর আবার বেড়ে যায় সে তাপমাত্রা। আজ সকাল থেকে সারা দেশে শুরু হওয়া বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দেশের মানুষের মধ্যে।