বৃষ্টি হবে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি নেই, মেঘ নেই—তাই অস্বস্তি চারপাশে। তবে স্বস্তির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার সিলেটে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। কিন্তু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বৃষ্টি হবে আরও দুদিন পর। তাই পয়লা বৈশাখের পরদিন বৃষ্টি হতে পারে এসব অঞ্চলে।

গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমেছে। চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ১ ডিগ্রি কমে সেটি হয়েছে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশালে গরম কিছুটা বেড়েছে। তবে কমেছে রাজশাহী ও রংপুরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম আর বাড়বে না। বৃষ্টি হলে এর রেশ কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অথচ গত কয়েক দিন একেবারেই বৃষ্টিবিহীন ছিল পুরো বাংলাদেশ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, সিলেটের পর সারা দেশে বৃষ্টি শুরু হবে। অবশ্য ১৪ এপ্রিল ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে ১৫ এপ্রিল বৃষ্টি হতে পারে। এ ছাড়া তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই।