এক পশলা বৃষ্টি হয়েছে গত শুক্রবার সকালে। এরপর কটকটে রোদ। কিন্তু দুপুরে জুরাইন এলাকার মুরাদপুর সমীরণনেসা উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেল, সামনের রাস্তাটি ময়লা পানিতে সয়লাব। প্রায় হাঁটুপানিতে তলিয়ে আছে রাস্তাটি। কোথাও কোথাও বাসাবাড়িতে ঢুকে গেছে পানি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বৃষ্টি হলে তো পানি জমে যায়ই, না হলেও নিষ্কাশনব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা কাটে না। সারা বর্ষা মৌসুমেই রাস্তাটি জলমগ্ন হয়ে থাকে।
শুধু দুর্গন্ধযুক্ত পানিই দুর্ভোগের কারণ নয়, পথের মাঝে মাঝে গর্তগুলো দুর্ভোগ আরও বাড়িয়েছে। পানিতে ডুবে থাকায় গর্তগুলো দেখা যায় না। ফলে প্রায়ই পথচারীরা গর্তে পড়ে। এর ফলে সবচেয়ে দুর্ভোগ পোহায় স্থায়ীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড জুরাইন-কদমতলা এলাকার এই রাস্তাটিতে গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, স্থানীয় লোকজন হাঁটুপানি ভেঙে চলাচল করছে। স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বিরস মুখে হাঁটছিলেন। বললেন, ‘নামাজের উদ্দেশে পরিষ্কার জামা-কাপড় গায়ে দিয়ে বেরিয়েছিলাম। কিন্তু পচা পানি ভেঙে চলতে গিয়ে মনে হচ্ছে, আবার গোসল করতে হবে। গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে।’
রাস্তার মুখেই মুরাদপুর সমীরণনেসা উচ্চবিদ্যালয়। সত্তর দশকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এলাকার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলের প্রতিষ্ঠাতার প্রপৌত্র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘প্রতিদিন সকালে স্কুলের সামনে এসে মনটা খারাপ হয়ে যায় বাচ্চাদের কষ্ট দেখে। পরিষ্কার জামা-কাপড় ভিজে যায় ময়লা পানিতে।’ তিনি জানান, কয়েক বছর আগে আশপাশের সড়কগুলো সংস্কার করে উঁচু করা হয়েছে। এর ফলে এই সড়কটি নিচু হয়ে গেছে। এ কারণে সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়।
যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি জানি এ সড়কের পরিস্থিতি। আমি অল্প কিছু দিন হলো দায়িত্ব হাতে নিয়েছি। ইতিমধ্যে পরিকল্পনা করেও ফেলেছি, আগামী অক্টোবরে আমরা এলাকার সড়কের কাজ শুরু করলে প্রথমে এই সড়কের কাজটিই করব।’