বৃষ্টিকে সঙ্গী করে ফিরেছে মাঘের শীত

মাঘ মাসের প্রথম সপ্তাহেও ‘বাঘ পালানো’ শীতের তীব্রতা ছিল না। কিন্তু গতকাল বুধবার সেই শীত কিছুটা এলেও সঙ্গে ছিল বৃষ্টি। তাই কিছুটা হলেও কনকনে ঠান্ডার আমেজ পেয়েছে দেশ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবারও দেশের সব কটি বিভাগের দু-এক জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি হবে। তবে গতকালের মতো অতটা বৃষ্টি না হলেও শীতের তীব্রতা বাড়বে। বিশেষ করে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অবশ্য এমন বৃষ্টিপাত বঙ্গোপসাগরের কোনো লঘুচাপ বা মৌসুমি বায়ুর কারণে হয়নি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুবাইয়াৎ কবির প্রথম আলোকে বলেন, এ বছর উত্তরে হিমেল হাওয়া কমে এসেছে। কুয়াশার দাপটও কম ছিল। ফলে পৌষ মাসের মাঝামাঝি থেকে মাঘের প্রথম সপ্তাহে শীত কম ছিল। পুবালি ও পশ্চিমা বায়ুপ্রবাহের মিলনে জলীয় বাষ্প জমে এই বৃষ্টিপাত হয়েছে। ওই দুই বিপরীতমুখী বায়ুর একত্র হওয়ায় আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কুয়াশা পড়তে পারে। ফলে তাপমাত্রা কমে শীতও বাড়বে।
শীতের হিমেল হাওয়া সাধারণত দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রথমে প্রবেশ করে, তারপর সারা দেশে বিস্তৃত হয়। গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগে। সবচেয়ে বেশি ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে। রাজশাহী ও ঈশ্বরদীতে যথাক্রমে ৩৬ ও ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে বিকেল থেকে সন্ধ্যা অবধি ঝিরি ঝিরি বৃষ্টি হলেও মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৩ মিলিমিটার।
বৃষ্টির কারণে সারা দেশে শীতের তীব্রতা বাড়লেও তা শৈত্যপ্রবাহ পর্যায়ে যায়নি। অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে অনেকেই ভোগান্তিতে পড়েন। রাস্তায় কাদা তো ছিলই, কিন্তু যাঁরা সকালের হালকা রোদ দেখে তীব্র শীতের প্রস্তুতি ছাড়াই বাড়ি থেকে বের হয়েছিলেন, তাঁরা পড়েন বিপদে। বৃষ্টিতে ভেজার কষ্ট তো পেতে হয়েছে, সেই সঙ্গে শীতে হাড়কাঁপানো কষ্টে পড়তে হয়েছিল অনেককে।