প্রবল বৃষ্টিতে গতকাল সোমবার সকালে নগরের দুই নম্বর গেট এলাকার রাস্তায় হাঁটুপানি জমে যায়। দুপুর না গড়াতেই রাস্তাটি কোমরপানিতে ডুবে যায়। একই অবস্থা হয় চট্টগ্রাম নগরের আরও বেশ কিছু এলাকায়। এ নিয়ে তিন মাসের মধ্যে পঞ্চমবারের মতো জলাবদ্ধতার দুর্ভোগ সইতে হলো নগরবাসীকে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল দিনভর যান চলাচল প্রায় বন্ধ ছিল। এতে ঘর থেকে বের হওয়া লোকজনের কষ্ট ছিল সীমাহীন।
এদিকে রোববার রাতে বৃষ্টির সময় নগরের মোহাম্মদ আলী সড়কের পাশের নালায় পড়ে যান সাবেক এক সরকারি কর্মকর্তা। গতকাল বেলা ১১টায় ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে মিয়াখাননগরের চাক্তাই খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
রোববার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হয়। এ ছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট সময়মতো নামতে পারেনি।
এর আগে গত ৪ ও ২১ এপ্রিল, ৩১ মে ও ১২ জুন প্রবল বৃষ্টিতে নগরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী দু-একদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া পাহাড়ধসের সতর্কবার্তাও রয়েছে।
বৃষ্টিতে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত নগরের ষোলশহর, দুই নম্বর গেট, মুরাদপুর, প্রবর্তক মোড়, ছোটপুল, সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, আগ্রাবাদ এক্সেস রোড, চান্দগাঁও আবাসিকসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ ছিল। পানি ঢুকে পড়ে এসব এলাকার বাসাবাড়িতেও।
চকবাজার কাঁচাবাজারের সবজি বিক্রেতা আবদুর রজ্জাক প্রথম আলোকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে হাঁটুপানি ছিল। ক্রেতারা আসেননি, বিক্রি তেমন হয়নি।
চকবাজারের ডিসি সড়কের বাসিন্দা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সকালেই এলাকার বিভিন্ন বাসায় পানি ঢুকতে শুরু করে। দুপুর পর্যন্ত ঘরে পানি ছিল।
জলাবদ্ধতার কারণে সকাল নয়টার দিকে নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কের জিইসি থেকে মুরাদপুর পর্যন্ত এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। একইভাবে সকাল আটটা থেকে আগ্রাবাদ এক্সেস রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটার পর বৃষ্টির বেগ কমলে সড়ক দুটি সচল হয়। তবে বেলা দুইটার দিকে আবার বৃষ্টিতে সড়ক দুটি তলিয়ে যায়। তখন আবার এক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে।
নগরের দুই নম্বর গেটে ঢাকা থেকে চট্টগ্রাম আসা সৌদিয়া পরিবহনের একটি বাস আটকা পড়ে। বাসের চালক আনোয়ার হোসেন দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, ‘সকাল সাতটায় এই মোড়ে আটকা পড়েছি।’
দুই নম্বর গেট এলাকায় দুপুরে লোকজনকে কোমর থেকে বুকসমান পানি ডিঙিয়ে চলাচল করতে দেখা গেছে। এ সময় যানবাহন স্বল্পতা ও জলাবদ্ধতার কারণে পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছে। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ভাড়াও বেড়ে হয়ে যায় দ্বিগুণ। নগরের জিইসি মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত ৬০ টাকার অটোরিকশা ভাড়া ১২০ টাকা পর্যন্ত নেওয়া হয় বলে জানান সাব্বির রহমান নামের এক ব্যক্তি।
বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় নগরের বিভিন্ন পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে থাকা লোকজনকে সরিয়ে নিতে গতকাল সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয় ম্যাজিস্ট্রেট সক্রিয় ছিলেন। তাঁরা বায়েজিদ, আকবর শাহ, মতিঝর্ণা ও বিশ্ব কলোনি এলাকার বিভিন্ন পাহাড়ে অতি ঝুঁকিতে থাকা বেশ কিছু পরিবারকে নামিয়ে আনেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ভূমিধসের আশঙ্কা রয়েছে। বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে থাকা লোকজনকে নামিয়ে আনা হয়েছে। তবে কত পরিবারকে আনা হয়েছে তার সঠিক সংখ্যা গতকাল সন্ধ্যা পর্যন্ত জানাতে পারেননি তিনি।
বৃষ্টির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে নামতে পারেনি। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কামান্ডার রিয়াজুল কবির সন্ধ্যা সাড়ে ছয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বিমানের জেদ্দা ও বেসরকারি বিমান সংস্থা রিজেন্টের দোহা থেকে আসা ফ্লাইট সময়মতো নামতে পারেনি। পরে ফ্লাইট দুটি ঢাকা হয়ে চট্টগ্রাম আসে। এ ছাড়া ইউএস বাংলার একটি অভ্যন্তরীণ ফ্লাইট নামতে পারেনি। সেটিও পরে আসে।
এদিকে গত রোববার রাতে মোহাম্মদ আলী সড়কে নালায় পড়ে ভেসে যাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শীলাব্রত বড়ুয়ার (৬২) লাশ প্রায় ছয় কিলোমিটার দূরে চাক্তাই খাল থেকে বেলা ১১টায় থেকে উদ্ধার করে পুলিশ। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
শীলাব্রত বড়ুয়া হাটহাজারীর মির্জাপুর এলাকার বাসিন্দা। তিনি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দুই বছর আগে অবসরে যান।
শীলাব্রতের বড় ছেলে শুভ বড়ুয়া বলেন, রোববার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যান তাঁর বাবা। রাত একটায় অনুষ্ঠান শেষে যখন বের হচ্ছিলেন তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। তখন সড়কে পানি জমে যায়। হাঁটতে গিয়ে তিনি নালায় পড়ে যান। নালায় স্ল্যাব না থাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ বলেন, নালা পরিষ্কার করার জন্য অনেক সময় স্ল্যাব খোলা হয়। তখন পথচারীদের সতর্ক করতে লোক থাকে। এটি কী দুর্ঘটনা নাকি কারও গাফিলতির কারণে হয়েছে তা খতিয়ে দেখা হবে।