বৃষ্টিতে কমেছে তাপমাত্রা
রাজধানীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে মৌসুমি বায়ুর প্রভাব তীব্র হওয়ায় আষাঢ়ের শেষ দিকে এমন বৃষ্টি হতেই থাকবে। তবে আগামীকাল বুধবার থেকে এই বৃষ্টি কমতে শুরু করবে।
গত পরশু থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীবাসী কিছুটা স্বস্তির মুখ দেখলেও ঢাকা থেকে ঘরমুখী মানুষ অনেকটা ভোগান্তিতে পড়েছেন। এই বৃষ্টির কারণেও রাজধানী থেকে ছেড়ে যাওয়া যানবাহনগুলো যানজটে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমে গেছে। আজ সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন স্থানে কাদাপানি জমে গেছে। কিছু দোকানপাট খোলা থাকলেও সেখানে ক্রেতা তুলনামূলক কম আসছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল থেকে বৃষ্টি কমে আসবে। আবহাওয়ার উন্নতি হবে। ঈদের আগে মানুষ বৃষ্টিতে কম ভুগবে বলেও জানানো হয় আবহাওয়া অধিদপ্তর থেকে। তবে দেশের দক্ষিণে চট্টগ্রাম কক্সবাজার এলাকায় বৃষ্টিপাত থাকবে।